নড়াইল, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে শনিবার দু'গ্র"পের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পরে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
ধাওয়া পাল্টা ধাওয়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিকদার, যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, আওয়ামী লীগ কর্মী ইসলাম, সোহাগ, বজলু, ওবায়দুর এবং নড়াইল সদর থানার উপ-পরিদর্শক ভদ্র মল্লিক, আশরাফ, কনস্টেবল মেহেদী ও সাজ্জাদ আহত হয়েছেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের বর্ধিত সভা চলার সময় তিনি তার বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। এতে মোহাম্মদ আলীর সমর্থকরা মাইক কেড়ে নিয়ে তার ওপর হামলা চালান।
অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী বলেন, এটা সম্পূর্র্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বর্ধিত সভায় উপস্থিত থাকা জেলা আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীর সিকদার আলোচ্যসূচির বাইরে বক্তব্য রাখায় কর্মীরা উত্তেজিত ও মারমুখি হয়ে ওঠেন। নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিছু সময়ের জন্য সভা মুলতবি থাকলেও বিকেল সাড়ে ৫ টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
জেলা কমিটির সভাপতি সুভাস বোস বলেন, "যারা মারামারির চেষ্টা করেছেন তারা দলের কেউ নয়। এরা বহিরাগত।"
নড়াইলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি সার্কেল) হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'পক্ষকে লাঠিচার্জ করা না হলে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত।"
সুবাস বোস এর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন- নড়াইল -১ আসনের সংসাদ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ এর সাংসদ এস কে আবু বাকের, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা সভাপতি শরীফ হুমায়ুন কবীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসবি/২২০৫ ঘ.
bdnews24