ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত ব্যবসায়ী ও তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন চাঁদাবাজির ঘটনা স্বীকার করে আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন।
রোববার মামুনকে কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তিনি তার বিরুদ্ধে ২০০৭ সালের ২৭ মার্চ কাফরুল থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।
মহানগর হাকিম তানিয়া কামালের আদালতে মামুন তার জবানবন্দি প্রত্যাহার সংক্রান্ত আবেদন জমা দিলে হাকিম ওই আবেদন নথিতে রাখার আদেশ দেন।
১৬ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামুন ও তার সহযোগী সাবেক সাংসদ খায়রুল কবির খোকনসহ সাত জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২৭ মার্চ কাফরুল থানায় মামলাটি দায়ের করেছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক খান মো. আফতাবউদ্দিন।
মামুন এই মামলায় ৯ এপ্রিল আদালতে চাঁদাবাজির ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি প্রত্যাহারের আবেদনে উল্লেখ করা হয় ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাকে ওই জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল।
মামুনের আইনজীবী মো. জাহেদুল ইসলাম কোয়েল জানান মামুন ইতিমধ্যে আরও ৬টি চাঁদাবাজি মামলায় তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি তার সব মামলা রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে দাবি করে সেগুলো প্রত্যাহারেরও আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০০৪ঘ.
bdnews24