কামরান রেজা চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার বলেছেন, দুর্নীতির অভিযোগ তদন্তকারী সংসদীয় কমিটি 'বাধ্য করার সুরে' ১০ জুনের সভায় যেতে বললে তিনি অবশ্যই যাবেন না।
তবে কমিটি দুর্নীতি তদন্তে সহযোগিতা চাইলে তিনি সভায় যোগ দেওয়ার কথা 'চিন্তা করবেন'।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে জমিরউদ্দিন সরকার একথা বলেন। সাক্ষাতকারে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তদন্ত কমিটি গঠনসহ পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
অষ্টম সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে স্পিকার থাকাকালে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় কমিটি বৃহস্পতিবার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে কমিটির ১০ তারিখের সভায় আত্মপক্ষ সমর্থনের জন্য তলবের সিদ্ধান্ত নেয়। এরা সবাই বিএনপি নেতা।
জমিরউদ্দিন সরকার আবারও দাবি করেন, তার বিরুদ্ধে গঠিত সংসদীয় তদন্ত কমিটির কোন আইনগত ভিত্তি নেই। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী কমিটি তাকে সভায় উপস্থিত করতে বাধ্য করতে পারে না।
এছাড়া কোন সাংসদের সদস্যপদ বাতিল করার ক্ষমতা সংসদ বা সংসদীয় কমিটির নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক স্পিকার বলেন, "কমিটি যদি আমাকে এই বলে চিঠি দেয় যে, একটা সমস্যা হয়েছে, আসুন আমরা বিষয়টি সুরাহা করি, তাহলে আমি কমিটির সভায় যাওয়ার কথা চিন্তা করবো। তারা সহযোগিতা চাইলে, সহযোগিতা করার কথা চিন্তা করবো।
"দেখা যাক তারা কি ভাষায় চিঠি দেয়। যদি তারা আমাকে বাধ্য করার সুরে চিঠি দেয়, তাহলে আমি অবশ্যই যাবো না।"
তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "স্পিকার তার ভাষায় "হাউজের সেন্টিমেন্ট" অনুযায়ী সংসদীয় কমিটি গঠন করেছেন। স্পিকার এভাবে তদন্ত কমিটি গঠন করতে পারেন না, কমিটি গঠনের একটি প্রক্রিয়া রয়েছে।"
কার্যপ্রণালী বিধি তুলে ধরে সাবেক স্পিকার বলেন, সংসদের কোনো বিশেষ কমিটি গঠন করতে হলে সংসদ সচিবকে প্রস্তাব জমা দেওয়ার পর তা সংসদ সদস্যদের মধ্যে সরবরাহ ও আলোচনার পর কমিটি গঠিত হবে ভোটাভুটির মাধ্যমে।
তিনি আরও বলেন, "...কিন্তু, আমার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের এ ধরনের কোন প্রস্তাব আনা হয়নি। কয়েকজন এমপি আমার বিরুদ্ধে সংসদে বক্তব্য রেখেছেন, আর স্পিকার তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।.."এটা কোনভাবেই আইন সম্মত নয়। এই কমিটির কোন আইনগত ভিত্তি নেই।"
স্পিকার আবদুল হামিদ ১৯ মার্চ আওয়ামী লীগ সংসদ সদস্যদের দাবির মুখে তার বিরুদ্ধে একটি সংসদীয় দুর্নীতি তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির প্রধান ফজলে রাব্বী মিয়া এবং সদস্য শাজাহান খান সাবেক এই স্পিকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন।
তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে এক মাস সময় দেওয়া হয়। কিন্তু, কমিটি এই কাজের ব্যাপকতার কারণে স্পিকারের কাছে সময় বাড়িয়ে নেয়।
এ ব্যাপারেও আপত্তি তুলে জমিরউদ্দিন বলেন, "স্পিকার এই কমিটিকে বেঁধে দেওয়া সময় বর্ধিত করতে পারেন না। কারণ বাড়ানোর সিদ্ধান্ত অবশ্যই সংসদে ভোটা-ভুটির মাধ্যমে হতে হবে।
"কমিটি এখন যে বর্ধিত সময়ে সভা করছে এগুলো অবৈধ", তিনি বলেন।
আনীত অভিযোগ 'অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত' হিসেবে আখ্যায়িত করে জমিরউদ্দিন সরকার দাবি করেন তিনি সংবিধান, সংসদ সচিবালয় আইন, ১৯৯৪, এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী কাজ করেছেন।
"সংসদ সচিবালয় আইনের ১৮ ধারা অনুযায়ী, সংসদের সকল ব্যয়ের অনুমোদনের কর্তৃপক্ষ স্পিকার নিজেই। আর স্পিকার সংসদের কাছে এ ব্যাপারে দায়ী।"
তিনি বলেন, "আমি (তৎকালীন) প্রধানমন্ত্রীর কাছে বিদেশে আমার বাই-পাস অপারেশনের জন্য ২৭ লাখ টাকা চেয়ে চিঠি পাঠাই। কিন্তু প্রধানমন্ত্রী আমাকে জানান আওয়ামী লীগের নেতৃত্বাধীন ৭ম সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী সংসদ সচিবালয় আইনের ক্ষমতাবলে বিদেশে চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা গ্রহণ করেন।"
তিনি একই আইনের বলে ২৭ লাখ টাকা নিয়েছেন বলে উল্লেখ করেন সাবেক স্পিকার।
জমিরউদ্দিন বলেন, "আমি লিখিত অঙ্গীকার করেছি যে ভবিষ্যতে যদি সংসদ এই টাকা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আমি এটা ফেরত দেবো।"
তিনি মন্তব্য করেন ওই টাকা নেওয়াটা সঠিক ছিল কি না- সে ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট।
সংসদ সচিবালয়ে নিয়োগে অনিয়ম হওয়ার অভিযোগ প্রসঙ্গে জমিরউদ্দিন বলেন, "আওয়ামী লীগপন্থীরা আমার নিয়োগ দেওয়ার ক্ষমতার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেন। তারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে হেরে যান। এর পরেই পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ কমিটি গঠন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়।"
তিনি পাল্টা এক অভিযোগ করে বলেন, "সপ্তম সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী বর্তমান স্পিকার আবদুল হামিদের ৪৯ বয়সী ভাই আবদুল হাইকে গণসংযোগ বিভাগের প্রথম শ্রেণী পদে নিয়োগ করেন বিধি লংঘন করে। এ ব্যাপারে একটি মামলা এখনো চলছে।"
এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে স্পিকার আবদুল হামিদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'উনিতো (জমিরউদ্দিন) সাত বছর স্পিকার ছিলেন, যদি বিধি বহির্ভূত হয় তাহলে তিনি তা বাতিল করলেন না কেন? তিনি তা প্রশ্রয় দিলেন কেন?"
সংসদে গাছ লাগানো ও অন্যান্য সৌন্দর্যবর্ধন কাজে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে জমির উদ্দিন সরকার বলেন, "সংসদের এ ধরনের কাজকর্ম করে গণপূর্ত বিভাগ। এ বিষয়ে স্পিকারের কোন ভূমিকা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২১৫৩ঘ.
bdnews24