ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এ এইচ এম নুরুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়াকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ নুরুল ইসলামের দায়ের করা রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ করে এই রায় দেন।
আদালত রায়ে বলেন, জনস্বার্থে সরকার কোন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। কিন্তু নুরুল ইসলামকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়নি। তাকে অসহনীয় চাপে রাখার জন্য অবসর দেওয়া হয়েছে। তাই তাকে অবসর প্রদানের আদেশ অবৈধ।
২০০৪ সালের ৩ জুন এ এইচ এম নুরুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
এর বৈধতা নিয়ে রিটের ওপর নুরুল ইসলামের পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন।
রায়ের পর সারা হোসেন সাংবাদিকদের বলেন, নুরুল ইসলামের বাধ্যতামূলক অবসর প্রদানকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। তবে তার চাকরির বয়স ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২২২৭ঘ.
bdnews24