২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিএনপির মানববন্ধন

পিলখানা হত্যাযজ্ঞের দ্রুত নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে মহানগর, জেলা-উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত ১৯ টি স্পটে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞের দ্রুত নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে মহানগর, জেলা-উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত ১৯ টি স্পটে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় এ কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বুধবার বিকালে নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাদেক হোসেন খোকা মানববন্ধন কর্মসূচি সফল করতে মহানগর নেতাদের প্রতি আহবান জানান। এতে দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, মহানগর নেতা সিরাজুল ইসলাম সেলিম, কাজী আবুল বাশার, আবু সাইদ খান, মোহাম্মদ মোহন, শামসুল হুদা, আনোয়ারুজ্জামান আনোয়ার, জালাল আহমেদ, আজিজুল্লাহ আজিজ, নবী উল্লাহ নবী, আহসান উল্লাহ হাসান, আবুল খায়ের বাবলু, আবদুল আলীম মকি, সাজ্জাদ জহির, মীর হোসেন, কুদরত এলাহি লিটন, মকবুল ইসলাম টিপুসহ ওয়ার্ড কমিশনার ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ঢাকায় বিএনপি মহানগরসহ অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ১৯ টি স্পটে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা পিলখানা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচার ও সরকারের প্রতিহিংসামূলক আচরণ বন্ধের দাবি তুলে ধরতে চাই। '' এছাড়া বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে সারাদেশে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৬ঘ.