ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে আত্মপক্ষ সমর্থনের জন্য সংসদীয় তদন্ত কমিটিতে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাবেক স্পিকার জমিরউদ্দিনের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সর্বদলীয় তদন্ত কমিটির বৈঠকে মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির প্রধান সাংসদ ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের জানান, তাদেরকে তলবের দিন-তারিখ ঠিক করতে কমিটি আগামী ১৪ মে বৈঠকে বসবে। এছাড়া সংসদ সচিবালয়ে কর্মচারী নিয়োগে কথিত অনিয়মের সঙ্গে জড়িত ৬ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করবে কমিটি। জমিরউদ্দিনের সময় যে ৬ থেকে ৭ জন কর্মকর্তা ওই কর্মচারী নিয়োগের নির্বাচন কমিটির সদস্য ছিলেন তাদেরকে অবশ্যই কমিটির সামনে হাজির হয়ে তাদের কাজের ব্যাখ্যা দিতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। তাদেরকে অবশ্যই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২২২৭ঘ.
bdnews24