ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের গত দুই বছরের কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন থেকে গেছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী শফিক আহমেদ করেছেন। তিনি বলেন, "দুদককে আর রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। আমরা চেষ্টা করছি কেউ যেন পিছন থেকে দুদককে আর ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে।"
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "গত দুই বছরে দুদক আইনের অপ-প্রয়োগ, অপব্যবহার এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। দুদকের এসব কর্মকাণ্ড প্রতিষ্ঠানটি নিজেই পরিচালনা করেছে, নাকি পেছনের কোনো শক্তি দ্বারা পরিচালিত হয়েছে, এ নিয়ে জনমনে প্রশ্ন থেকে গেছে। "
গত দুই বছরে দুদকের করা মামলা প্রত্যাহার করা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "ওই সময়ে বেশিরভাগ মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে নেতাদের বিরুদ্ধে করা হয়েছিল। পরে দেখা গেছে মামলাগুলো ভিত্তিহীন। এসব উদ্দেশ্যমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা উচিত। সরকারের পক্ষ থেকে এসব মামলা প্রত্যাহারে অনুরোধও যেতে পারে।"
তবে যেসব মামলার ভিত্তি রয়েছে সেগুলো চলবে জানিয়ে শফিক আহমেদ বলেন, "ভিত্তিহীন মামলা প্রত্যাহারের ক্ষমতা দুদকের রয়েছে। কিছু কিছু মামলার ভিত্তি আছে। সেসব মামলা চলতে কোনো বাধা নেই।"
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন-২০০৪ এর সংশোধনীর বিষয়ে মন্ত্রিসভার নীতিগত অনুমোদনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "মন্ত্রিসভার বৈঠকে দুদক আইনের সংশোধনীতে দণ্ডবিধির ৪০৮ ধারা বাদ দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অর্থ আত্মসাত সংক্রান্ত মামলার তদন্ত আর দুদককে করতে হবে না। এছাড়াও দুদকের মামলায় এতদিন রাষ্ট্রকে পক্ষ করা হতো। সংশোধিত আইনে দুদক নিজেই পক্ষ হবে।"
আইনমন্ত্রী জানান, দুদকের মামলা জট কমাতে প্রতিষ্ঠানটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই আইনের সংশোধনী আনা হয়েছে। তবে দণ্ডবিধির ৪০৯ ধারা বহাল থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাও তদন্ত করতে পারবে দুদক।
আইনমন্ত্রী বলেন, "বর্তমানে দুদকের চেয়ারম্যান হিসেবে যাকে সরকার নিয়োগ দিয়েছে তিনি সৎ ও দক্ষ। আমরা মনে করি তিনি দুদকের কাজকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে এগিয়ে নিতে পারবেন।"
আরও পিছিয়েছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া:
যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থা, প্রসিকিউশন সেল ও ট্রাইব্যুনাল গঠন আরো পিছিয়ে গেছে। আইনমন্ত্রী জানিয়েছেন মে-জুন মাসের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে।
সাংবাদিকদের তিনি বলেন, "মে-জুন মাসের মধ্যে তদন্ত সংস্থা, প্রসিকিউশন সেল ও ট্রাইব্যুনাল গঠন করা হবে।"
এ প্রক্রিয়া শুরু করতে কেন এত দেরি হচ্ছে- জানতে চাইলে শফিক আহমেদ বলেন, "বিচার প্রক্রিয়ায় যাতে কোন ভুল না হয় সেজন্য আমরা সতর্কতার সঙ্গে এগোচ্ছি। এ বিচার দেখতে বিদেশি পর্যবেক্ষকও আসতে পারে। তাদের মনেও যেন কোন প্রশ্নের সৃষ্টি না হয়।"
এছাড়া বিচার প্রক্রিয়ার জন্য জনবল নিয়োগ, আদালতের স্থান নির্ধারণের বিষয়ও রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এমএসবি/১৮২৬ ঘ.
bdnews24