নারায়ণগঞ্জ, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আ. লীগ নেতা শওকত আলী জামিনে মুক্তি পেয়েছেন।
ফতুল্লা থানা আ. লীগ সাধারণ সম্পাদক শওকত আলীসহ চারজনকে শনিবার পুলিশ গ্রেপ্তর করেছিল।
এ ঘটনার পর পুলিশের কাজে বাধাদান, হামলা, মারপিট ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে রাতে পুলিশ একটি মামলা করে।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- শফিকুল ইসলাম, আমানউল্লাহ, রফিকুল ইসলাম, মীর সোহেল, আফাজ উদ্দিন ভূইয়া, মহিউদ্দিন, দিলু, ওমর আলী, উজ্জ্বল, নবী, মোফাজ্জ্বল, বাদশা, বারেক, মিন্টু, কাশেম, সালাম, ইমরান, সামাদসহ অজ্ঞাত পরিচয়ের আরও এক থেকে দেড়শ' জন।
এ মামলায় রোববার বেলা সাড়ে ১১টায় গ্রেপ্তার চার আসামিকে নারায়ণগঞ্জের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম বজলুর রহমানের আদালতে হাজির করা হয়।
আদালত শুধু শওকত আলীকে জামিন দিয়ে গ্রেপ্তার বাকি তিন আসামি শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও আমানউল্লাহকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ সদর কোর্টের (দক্ষিণ) সহকারী জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. মানিক মৃধা জানান, এজাহারে সুনির্দিষ্ট অভিযোগ না থাকা, বয়স্ক ও অসুস্থতার গ্রাউন্ডে আদালত শওকত আলীকে জামিন দেন।
আসামিদের পক্ষে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান দীপু, সহ-সভাপতি মাসুদ উর রউফ, যুগ্ম সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, শহর আ. লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ ২০/২৫ জন আইনজীবী।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সাহা বলেন, বক্তাবলী বাজারে একটি দোকানের মালিকানা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু'টি পক্ষের মধ্যে সালিশের সময় আওয়ামী লীগের ২/৩ শ' নেতা-কর্মী হামলা চালিয়ে দোকান-পাট ভাঙচুর শুরু করে।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সহকারী উপ-পরিদর্শক শামসুল হক ও কন্সটেবল মোতালেবের অস্ত্র কেড়ে নেয়। হামলায় চার পুলিশ আহত হয় বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24