ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে 'অন্যায়ভাবে' উচ্ছেদ করা হলে তা আদালতে চ্যালেঞ্জ করবে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ-সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ দলের এই অবস্থানের কথা জানান।
তিনি বলেন, "খালেদা জিয়াসহ তার পরিবারের তিন সদস্যকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়িটি চিরস্থায়ী লিজ এবং গুলশানের বাড়িটি ৯০ বছরের লিজ দেওয়া হয়।
"চিরস্থায়ী লিজ বাতিল করা যায় না। এ বিষয়ে সুপ্রিম কোর্টের অনেক রায় রয়েছে। তাই সরকার খালেদা জিয়াকে বেআইনিভাবে বাড়ি থেকে উচ্ছেদ করলে তা আদালতে চ্যালেঞ্জ করা হবে। আর আইনি প্রক্রিয়ায় গেলে উচ্চতর আদালতেই তা মোকাবেলা করব আমরা।''
রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ 'খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ' শীর্ষক এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
মওদুদ অভিযোগ করেন, তিন মাসের সরকারের ব্যর্থতা আড়াল করে জনগনের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই ঢাকা সেনানিবাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এ বাড়িটির লিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচির বাইরে এমন একটি বিষয়ে এভাবে সিদ্ধান্ত নেওয়াটা 'রুলস অব বিজনেসের পরিপন্থী'। তারা বৈধ বাড়িটির লিজ অবৈধভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে।
সাবেক আইনমন্ত্রী মহাজোট সরকারের কর্মকান্ডের সমালোচনা করে বলেন, তারা গণতন্ত্র চায় না। তাদের কর্মকান্ডে মনে হচ্ছে সরকার দেশে কোনো বিরোধী দল রাখতে চায় না।
সরকার দেশকে একদলীয় বাকশালী ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তারা সমাধানের পথ ছেড়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এ সরকার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য তাদের চরম মূল্য দিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি মাহমুদুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের সাবেক সদস্য ড. মনিরুজ্জামান মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মোস্তাক রহিম স্বপন, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা ডা. শহীদুল আলম, আইনজীবী পরিষদের মাসুদ আহমেদ তালুকদার ও জামাল উদ্দিন জসিম। এছাড়া বক্তব্য দেন প্রকৌশলী হারুন অর রশীদ, রিয়াজুল ইসলাম রিজু এবং কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৩ ঘ.
bdnews24