ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও এনজিওর বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখছে সরকার। অভিযোগ প্রমাণিত হলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
চলতি সপ্তাহেই যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থা এবং বিরোধী দলের নেতা খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিলের নোটিশ দেওয়া হবে-আইনমন্ত্রীর এমন বক্তব্য সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, "আগামী সপ্তাহেই খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিলের নোটিশ দেওয়া হবে। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সেল ও প্রসিকিউশন সেল গঠন করা হবে।"
আইনমন্ত্রী বলার পরও এ সপ্তাহে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, এটা কি প্রশাসনের স্থবিরতা- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, "কাজের স্বচ্ছতার জন্যই সময় লাগছে। এখানে স্থবিরতার কিছু নেই।"
খালেদাকে নোটিশ পাঠানো প্রসঙ্গে গত সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছিলেন, "১৯২৪ সালের ক্যান্টনমেন্ট অ্যাক্ট-এর ১১ ধারা অনুুযায়ী সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চলতি সপ্তাহেই খালেদা জিয়ার কাছে নোটিশ পাঠানো হবে। নোটিশ অনুযায়ী বাড়ি না ছাড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।"
এর আগে গত ৯ এপ্রিল যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থা নিয়োগ সম্পর্কে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করতে আগামী সপ্তাহের শুরুতে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তকারী সংস্থা নিয়োগ দেবে। এরপর আগামী দুই সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে প্রসিকিউটর নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠন করবে আইন মন্ত্রণালয়।"
নোটিশকে চ্যালেঞ্জ করে বিএনপির আইনি লড়াইয়ের হুমকি প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, নোটিশকে চ্যালেঞ্জ করে বিএনপি আদালতে গেলে, সরকার তাকে আইনগতভাবেই মোকাবলা করবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় উচ্ছেদের কোনো পদক্ষেপ সরকার নেয়নি। ভবিষতেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
উপজেলা আইন সংশোধন করা না হলে সাংসদদের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে- উপজেলা চেয়ারম্যানদের এই হুমকি সম্পর্কে আইন প্রতিমন্ত্রী বলেন, "এ ধরনের কোনো সংবাদ আমি সংবাদপত্রে পড়িনি বা শুনিনি। তবে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলতে পারবে।"
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআরের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য দুটি ফ্ল্যাট নির্মাণের যে ঘোষণা দিয়েছেন- তা বাস্তবায়নে প্রয়োজনে ক্যান্টনমেন্ট বোর্ডের আইন সংশোধন করা হবে বলে জানালেন কামরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮৪২ ঘ.
bdnews24