সিলেট, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিবারের মত বর্তমান মহাজোট সরকারের সময়েও রাজনৈতিক দুর্বৃত্তপনা চলছে এবং খোলস পাল্টানোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, "দুর্বৃত্তরা সব সময়ই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আশা করে। মহাজোট সরকার এ ব্যাপারে সতর্ক রয়েছে। আমরা দুর্বৃত্তদের প্রশ্রয় দেব না।"
শনিবার বিকালে সিলেট নগরীর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মাঠে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনার জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
সিলেট বিভাগের ২১ সাংসদকে সংবর্ধনা দিয়েছে সিটি করপোরেশন। অর্থমন্ত্রী ছাড়া সংবর্ধিতরা অপর সাংসদরা হলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, চিফ হুইপ আব্দুস শহীদ, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, মোয়াজ্জেম হোসেন রতন, এম এ মান্নান, মুহিবুর রহমান মানিক, শাহাব উদ্দিন, সৈয়দ মহসীন আলী, আব্দুল মজিদ খান, আবু জাহির, নবাব আলী আব্বাস খান এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জেবুন্নেসা হক।
অনুষ্ঠানে সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ইমরান আহমদ, মমতাজ ইকবাল ও সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সাংসদ শাম্মী আক্তার অনুপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "শিক্ষায় সিলেট পিছিয়ে রয়েছে। শিক্ষা উন্নয়নে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিলেও প্রকৃতভাবে শিক্ষার পরিবেশ ও মানের উন্নয়ন হয়নি।"
শিক্ষা মন্ত্রণালয় এ বিভাগের শিক্ষার মানোন্নয়নে ২৫ এপ্রিল সিলেটে একটি সেমিনার আয়োজন করছে বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রী বলেন, "সেমিনারে আমরা শিক্ষা উন্নয়নে বিশেষ করে সিলেটের শিক্ষা উন্নয়নে শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের পরামর্শ শুনব।"
সিলেটের শিক্ষা উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্রাচার্য, আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ নূর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালিক মায়ন, মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী ও ইফতেখার হোসেন শামীম, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এম এ আহবাব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল আউয়াল, উদীচী সিলেট জেলা সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরা।
নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে মহাজোট প্রার্থীরা বিজয়ী হন। এর মধ্যে আওয়ামী লীগ ১৭টি ও জাতীয় পার্টি দু'টি আসন পায়। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের একজন এবং বিএনপির একজন নির্বাচিত হন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সকালে নগরীর শিবগঞ্জে অবস্থিত হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত কোনো ইস্যু না পেয়ে খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়ে আন্দোলন করে ফায়দা লুটতে চাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জেবুন্ন্সো হক, বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম আব্দুল খালেক, জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24