ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনোরকম বিশৃঙ্খলা বা অরাজকতা বরদাশত করা হবে না বলে আবারো বিএনপিকে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শনিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবীদের জোট পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ সতর্কতা উচ্চারণ।
শুক্রবারও জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাহারা খাতুন বলেছিলেন, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিএনপি'র যেকোনো আন্দোলন কঠোর হাতে দমন করা হবে।
মন্ত্রী বলেন, "সেনানিবাসের বাড়িকে কেন্দ্র করে খালেদা জিয়া এবং বিএনপি দেশে বিশৃঙাখলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।"
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "আমি বিএনপি'র প্রতি বিশৃঙ্খলা না করার অনুরোধ করছি। তারপরও যদি কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করা হয় তাহলে কঠোরভাবে দমন করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।"
সাহারা খাতুন আরও বলেন, "জনগণের দাবির মুখে চুলচেরা বিশ্লেষণ করে মন্ত্রী পরিষদ সেনাপ্রধানের জন্য নির্ধারিত বাড়িটির অবৈধ ইজারা বাতিল করেছে। এ জন্য তারা সরকারকে সাধুবাদ জানিয়েছে। খালেদা জিয়াকেও বলবো অবিলম্বে বাড়িটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে। এতে জনগণ তাকেও সাধুবাদ জানাবে।"
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ড. আলাউদ্দিন আহমেদ, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "সরকার আগামী কিছু দিনের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করবে। ইতিমধ্যে এর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।"
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, "স্বাস্থ্য খাতে অব্যবস্থা রয়েছে এটা আমি অস্বীকার করছি না। কিন্তু আমাদেরকে তো একটু সময় দেবেন। মাত্র তিন মাস হলো আমরা দায়িত্ব নিয়েছি।"
জরুরি স্বাস্থ্য সেবা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, "গরিব মানুষের জন্য স্বাস্থ্য সেবা না দিতে পারলে আমরা ব্যর্থ বলে চিহ্নিত হবো।"
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, "দিন বদলের সনদ বাস্তবায়ন করতে হলে সব পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এখন দেশে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র ব্যর্থ করে অভিষ্ট লক্ষ্যে পৌছাতে হবে।"
পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক ড. এস. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক আবুল বারাকাত, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ড. সাইদুল হক চৌধুরী, বাংলাদেশ কলেজ বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ম. আখতারুজ্জামান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়ক অধ্যাপক কাজী ফারুক, প্রকৌশলী নূরুল হুদা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব ডা.কামরুল হাসান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমএসবি/এসকে/২২০১ঘ.
bdnews24