ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনে নবনির্বাচিত ৭ সাংসদ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ সকাল সাড়ে ১১ টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ নিয়েছেন- আওয়ামী লীগের শেখ হেলালউদ্দিন (বাগেরহাট-১), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), জাফর আলী (কুড়িগ্রাম-২), আবুল কালাম আজাদ (রংপুর-৬), বিএনপি'র ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার (বগুড়া-৬), ব্যারিস্টার মওদুদ আহমেদ (বগুড়া-৭), জাতীয় পার্টির রওশন এরশাদ (রংপুর-৩)।
গত ২ এপ্রিল সাতটি আসনে উপনির্বাচনে তারা নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও এইচ এম এরশাদ দুইটি করে আসন ছেড়ে দিলে এই আসনগুলো শূণ্য হয়।
একই সঙ্গে মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার আসনটি শূন্য হয়। বাগেরহাট আসনে শেখ হেলালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এই উপনির্বাচনের মাধ্যমে নবম সংসদে ৩৪৫টি আসন পূর্ণ হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/কিউএইচ/জিএনএ/১২৫৫ ঘ.
bdnews24