ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্ত্রীর কাছে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (ব্যাব)'র চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে চেক হস্তান্তর করেন।
নিহত প্রত্যেক সেনা কর্মকর্তার পরিবারকে আগামী ১০ বছর মাসিক ৪০ হাজার টাকা করে প্রদান করবে ব্যাব।
বিডিআর বিদ্রোহের পরপরই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তার পরিবারও এ আর্থিক সহায়তা পাবে।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "অপরাধীদেরকে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দিতে এবং ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তদন্ত চালানো হচ্ছে।"
তিনি বলেন, "কাছের কাউকে হারানোর ব্যথা আমি বুঝতে পারি কারণ একই ঘটনা আমার ক্ষেত্রেও ঘটেছিল।"
শেখ হাসিনা বলেন, "নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনা সম্ভব না তবে তাদের পরিবারের অবস্থার উন্নয়নে সরকার সবসময় তাদের পাশে থাকবে।"
সতর্কতার সঙ্গে দ্রুত, শান্তিপূর্ণ ও রক্তপাতহীনভাবে বিডিআর বিদ্রোহ দমন করায় শেখ হাসিনার প্রশংসা করেন ব্যাবের সভাপতি নজরুল ইসলাম মজুমদার।
তিনি বলেন, "নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের যোগ্য সদস্যদের ব্যাংকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসোসিয়েশন। এছাড়া উচ্চ শিক্ষার জন্য নিহত সেনা কর্মকর্তার সন্তানদের সহায়তাও করা হবে।"
ব্যাংক এসোসিয়েশন বিডিআর বিদ্রোহে গুরুতর আহত সেনা কর্মকর্তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
এর আগে নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ব্যাবের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল তারিক আহমদ সিদ্দিক, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, তিন বাহিনীর প্রধান এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৫১০ ঘ.
bdnews24