ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদ দমনে সরকারকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী।
তিনি বলেন, ''ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। সরকার যদি আলেম, উলেমা ও মাশায়েকসহ ইসলামী দলগুলোকে আস্থায় নিয়ে জঙ্গিবাদ দমনে কাজ করে তাহলে তার প্রতি আমাদের সমর্থন থাকবে।''
জামায়াতে ইসলামীর গণসংযোগ মাস উপলক্ষে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বুধবার আয়োজিত জেলা সম্মেলনে জামায়াত আমির বলেন, দেশের মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের উৎস হিসেবে চিহ্নিত করা খুবই 'দুঃখজনক' একটি কাজ।
সম্মেলনে নিজামী সরকারি দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের 'কর্মকাণ্ডের' সমালোচনা করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সংগঠনটির বর্তমান ধারার রাজনীতি অব্যাহত থাকলে দেশে 'সাংবিধানিক ধারাবাহিকতা' বিনষ্ট হতে পারে।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের রাজনীতি নিয়ন্ত্রণ করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে নিজামী অভিযোগ করেন।
দেশের বর্তমান অবস্থাকে 'ক্রান্তিকাল' হিসেবে অভিহিত করে সব ইসলামী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
সরকারকে বিডিআর বিদ্রোহ দমনে ব্যর্থ আখ্যায়িত করে নিজামী বলেন, "সরকার উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছে এবং এর মধ্য দিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।"
এর 'উদাহরণ' দিতে গিয়ে তিনি বলেন, "সিআইডিকে জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ায় সেই বিষয়টিই দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে।''
পিলখানা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে নিজামী বলেন, ''নিরপেক্ষ তদন্ত করে অপরাধীসহ ঘটনার ইন্ধন দাতাদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।"
সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/টিআর/এসকে/১৯১৮ঘ.
bdnews24