ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সীমান্তের নো-ম্যানস ল্যান্ড বরাবর বেড়া নির্মাণে মিয়ানমারের অবস্থান সেদেশের রাষ্ট্রদূত মঙ্গলবার বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা করেছেন।
রাষ্ট্রদূত ফায়ে থান উ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেখা করে তার দেশের অবস্থান তুলে ধরেন।
সোমবার এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের দূতকে তলব করে।
বৈঠকের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "প্রতিরক্ষার জন্য এই বেড়া নির্মাণ করা হচ্ছে না। বরং মাদকদ্রব্য ও মানুষ পাচার বন্ধে তা তৈরি করা হচ্ছে।"
দূত বলেন, "আমরা মৌখিকভাবে বিষয়টি মন্ত্রীকে জানিয়েছি। লিখিত কোন ব্যাখ্যা দেইনি।"
রাষ্ট্রদূত বলেন, জিরো লাইনের বিভিন্ন পয়েন্ট থেকে '৫০ থেকে এক হাজার গজ' দূরে এই বেড়া নির্মাণ করা হবে। বেড়ার দৈর্ঘ্য হবে ৪০ মাইল।
অর্থাৎ দৈর্ঘ্যরে হিসেবে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের এক-তৃতীয়াংশের বেশি জুড়ে এ বেড়া হচ্ছে।
বৈঠকের পর এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন প্রতিমন্ত্রী। সাংবাদিকদের ব্রিফ করার দায়িত্ব দেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এনায়েত হোসেনকে।
এনায়েত হোসেনকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিয়ানমার বেড়া নির্মাণের কথা কূটনৈতিকভাবে আমাদের জানিয়েছে। তারা জিরো লাইন থেকে ৫০ থেকে এক হাজার গজ দূরে বেড়া নির্মাণ করছে।"
মহাপরিচালক একে 'উল্লেখযোগ্য' দূরত্ব হিসেবে অভিহিত করেন।
তিনি আরো বলেন, "এর মধ্য দিয়ে তারা ভুল কিছু করছে না।"
মহাপরিচালক বলেন, "এই কাটাতারের বেড়া নির্মাণ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাবে না।"
তিনি বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীও বেড়া নির্মাণের ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন।
বাংলাদেশের কর্মকর্তারা জানান, ১৫ মার্চ থেকে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী নাসাকা কক্সবাজার জেলায় সীমান্ত নদী নাফের ঠিক ওপারে কাইন গুন গ্রামে বেড়া নির্মাণের সরঞ্জাম নিয়ে আসা শুরু করে।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ২০৭ কিলোমিটার।
হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, ইয়াঙ্গুন আগেই বেড়া নির্মাণের ব্যাপারে বাংলাদেশকে অবহিত করেছিল। কিন্তু জিরো লাইন থেকে কত দূরে বেড়া নির্মাণ করা হবে সে ব্যাপারে ভিন্ন তথ্য দিয়েছিল।
মন্ত্রী বলেন, তিনি দূতের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন।
গত বছরের নভেম্বরের পর থেকে বিরোধপূর্ণ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কমপক্ষে দু'বার মিয়ানমারের দূতকে ডেকে পাঠালো।
এর আগে বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য মিয়ানমার বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করলে গত বছরের ২ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের রাষ্ট্রদূতকে তলব করেছিল।
আরেক প্রতিবেশী ভারতও চোরাচালান এবং কথিত সন্ত্রাসীদের যাতায়াত ও 'অবৈধ অভিবাসন' বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সীমান্তের অনেক স্থানে বেড়া দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২৩২০ঘ.
bdnews24