২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো কিছু রদবদল, পিএসসির সদস্য নিয়োগ

জনপ্রশাসনের চারজন অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের চারজন অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয়। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষা অধ্যাপিকা রাশিদা বেগমকে পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে পাঁচজন সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। তাদের নতুন করে পদায়ন করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব সুরাইয়া বেগমকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক, ওএসডি অতিরিক্ত সচিব ড. এম আসলাম আলমকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ওএসডি অতিরিক্ত সচিব খুরশীদা খাতুনকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাহফুজুর রহমানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। যুগ্ম-সচিবদের মধ্যে মধ্যে ওএসডি আবুল কাশেমকে বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য, শাহজাদী আঞ্জুমান আরাকে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের (পর্যায়-২) প্রকল্প পরিচালক, উইলিয়াম অতুল কুলুন্তুনুকে কপিরাইট অফিসের নিবন্ধক, শামীমা সুলতানাকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ও মোহাম্মদ আব্দুল কাদিরকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) এম আব্দুস সামাদকে পাট অধিদপ্তরের পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন যুগ্ম-সচিব এসএম আব্দুল ওহাব মিয়াকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। পাট অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত যুগ্ম-সচিব অমিয় কুমার ঘোষকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক একেএম ইয়াহিয়া চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত যুগ্ম-সচিব এটিএম মোস্তফা কামালকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব হিসেবে নিয়োগের আদেশাধীন যুগ্ম-সচিব তাহমিনা বেগমকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০২৪ঘ.