২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অধিবেশনেই সংসদে যোগ দিচ্ছে বিএনপি

বিএনপির নেতৃত্বে বিরোধী দল চলতি অধিবেশনেই সংসদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিএনপির নেতৃত্বে বিরোধী দল চলতি অধিবেশনেই সংসদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "স্পিকারের সম্মানজনক আসন দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই অধিবেশনে অতি শিগগিরই আমরা যোগ দেব।" বিগত স্পিকারের নির্ধারণ করে যাওয়া আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে গত ২৮ জানুয়ারি থেকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে বিএনপি। সকালে বিএনপির সংসদীয় দলের একদফা বৈঠকের পর বিকেলে বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে আরেকদফা বৈঠক হয়। এটি শেষ হয় সন্ধ্যা ৭টার দিকে। সংবাদ ব্রিফিংয়ে জয়নাল আবদীন ফারুক আরো জানান, তাদের সংসদীয় দলের সভায় ২০ ফেব্র"য়ারি মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিরোধী দলীয় নেতাকে যথাযথ সম্মান ও প্রটোকল না দেওয়ার অভিযোগ করে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। মন্ত্রণালয় ও সংসদ সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলীয় নেতার প্রস্তাব অনুযায়ী নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারি দলের চিফ হুইপ সম্মত হয়েছেন বলে জানান তিনি। এছাড়া এর আগে গঠিত দুটি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্যদের নাম পরিবর্তনের বিষয়েও স্পিকার আব্দুল হামিদ ও চিফ হুইপ আব্দুস শহীদ সম্মত হয়েছেন। জয়নাল আবদীন ফারুক জানান, গত বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে সরকার ও বিরোধী দলের চিফ হুইপের বৈঠকে এসব বিষয়ে ঐক্যমত হয়। এক প্রশ্নের জবাবে বিরোধী দলের চিফ হুইপ বলেন, "আমরা স্পিকারের কাছ থেকে সম্মানজনক আসন পাব- এজন্যই সংসদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" আসন এখন বা পরের অধিবেশন যখনই পুনর্বিন্যাস হোক তার সঙ্গে তাদের সিদ্ধান্তের কোন সম্পর্ক নেই জানিয়ে ফারুক বলেন, "আমরা চলতি অধিবেশনেই সংসদে যোগ দেব।" সংসদীয় দলের সভায় সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন, সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের 'নৈরাজ্য', আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলের সাংসদরা। ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বরকত উল্লাহ বুলু, মোশাররফ হোসেন, অধ্যাপক জয়নাল আবেদীন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির সংসদীয় দলের সভার শেষ পর্যায়ে জোটের অন্তর্ভূক্ত জামায়াত ও বিজেপি'র সাংসদরাও অংশ নেন। গত বৃস্পতিবার স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ সরকারি দলের প্রধান হুইপ আব্দুস শহীদ ও বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদিন ফারুকের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনার জন্য আসন বিন্যাসে কিছুটা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। নবম সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন ২৫ জানুয়ারি বিএনপিকে বিরোধী দলের বেঞ্চে প্রথম সারিতে ৯টি এবং দ্বিতীয় সারিতে ১০টি আসন দেন বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। পরে নতুন স্পিকার আবদুল হামিদ শপথ নেওয়ার পর আসন পুনর্বিন্যাস করে বিএনপিকে প্রথম ও দ্বিতীয় সারিতে ৪টি করে আসন দেন। আওয়ামী লীগ বলছে বিএনপির প্রাপ্ত আসনের তুলনায় তা যথার্থ। তবে এ যুক্তি বিএনপি মানতে চাইছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/এএল/এসকে/২০১১ঘ.