২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন নতুন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 06:59 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন নতুন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বৃহস্পতিবার দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান। পরদিন ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাজ শুরু করেন তিনি। টুঙ্গিপাড়ায় শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটে প্রথমে বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর কবরের বেদির পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এরপর তিনি সমাধি কমপ্লেক্সে'র মন্তব্য বাইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রীয় এসব কর্মসূচি শেষে রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান, পুত্রবধূ রুখসানা হাসান, কন্যা তানিয়া রহমান ও তনিমা রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। এ সময় টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বেলা পৌনে ১১টার দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে সামরিক-বেসামরিক কর্মকর্তারা তাকে অভিনন্দন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৩০৮ ঘ.