নোয়াখালী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে জনগণের ভোটে মৌলবাদী ও জঙ্গিবাদীরা পরাজিত হলেও তাদের ঘাঁটি অক্ষত রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল'র (জাসদ) সভপতি হাসানুল হক ইনু।
নোয়াখালী পৌরহলে জেলা জাসদের সম্মেলনে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, "নির্বাচনে পরাজিত হয়ে এরা কিছুটা পিছু হটলেও দেশের এগিয়ে চলার পথে এখনো পদে পদে বাধা সৃষ্টি করছে।"
তাই সকল বিপদ-বাধা ও ঝুঁকি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে মহা ঐক্য রক্ষা ও কার্যকর করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গণতন্ত্র ও দেশের শত্র"দের মোকাবেলায় একলা চললে বিপদ-ঐক্যে চললে নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্যদিয়ে মৌলবাদী-জঙ্গিবাদী-দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীর রাজনৈতিক অবস্থান দুর্বল করার সুযোগ তৈরি হয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।
এর আগে বিকাল ৫টায় পৌরহল চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ইনু। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন জেলা জাসদ সভাপতি সলিম উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আখতার, প্রচার সম্পাদক আজিজুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, সহ-সম্পাদক নইমুল আহসান জুয়েল, জেলা জাসদের সাধারণ সম্পাদক আজিজুল হক বকষি প্রমুখ।
সম্মেলনে মিয়া মো. শাহজাহানকে সভাপতি ও আজিজুল হক বকষিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24