ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি মো. এমদাদুল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ মঙ্গলবার খেলাপি ঋণের জন্য জাতীয় পার্টির আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে।
আদালত আগামী এক সপ্তাহের মধ্যে মাহমুদুলকে বিজয়ী ঘোষণা করতে ইসির প্রতি নির্দেশ দিয়েছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুলের আবেদনে হাইকোর্ট এ নির্দেশ দেয়।
রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট আমাকে বিজয় ঘোষণা করেছে।"
গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭২ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মাহমুদুল হাসান।
কাশেমকে ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর গত ফেব্র"য়ারি মাসে মাহমুদুল হাইকোর্টে এ আবেদন করেন।
এতে বলা হয়, গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার আবুল কাশেমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল। কিন্তু সোনালী ব্যাংকে তার ১৫ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা ঋণ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জে কাশেমের নামে ৩২ হাজার ১১০ টাকা ফোন বিল বকেয়া রয়েছে।
মাহমুদুল হাসানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যার্টনি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
আবুল কাশেমের কৌঁসুলি শাহ মনজুরুল হক বলেছেন, তারা এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
এদিকে আদালতের আদেশের বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন।
রায়ের অনুলিপি পেলে তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, বলেন তিনি।
হাইকোর্ট এর আগে ভোলার একটি আসনে আওয়ামী লীগ সাংসদ জসিমউদ্দিনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে সেখানে পুনর্র্নিবাচনের নির্দেশ দেয়। ওই আসনে পরাজিত প্রার্থী বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদের আবেদনে ওই আদেশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/আরএ/এমআই/১৫০৫ ঘ.
bdnews24