ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসচিব মনোনয়নসহ দলের স্থায়ী ও নির্বাহী কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে দলের পঞ্চম জাতীয় কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খালেদা জিয়া বলেন, "মহাসচিব মনোনয়নসহ কমিটি গঠনের ব্যাপারে কাউন্সিলররা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি শিগগিরই কমিটি ঘোষণা করব।''
বিএনপির পঞ্চম কাউন্সিল অধিবেশন সুষ্ঠুভাবে ও সাফল্যের সঙ্গে শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে দলের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন বসে। এতে ২,৫১২জন কাউন্সিলর অংশ নেন। খালেদা জিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।
অধিবেশনের শুরুতে সাংগঠনিক কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রাত ১০টায় কাউন্সিল অধিবেশন সমাপ্তির পর দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের এক ব্রিফিঙে জানান, সংশোধিত গঠনতন্ত্রে একটি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয়েছে। দলের কাউন্সিলররা সর্বসম্মতভাবে তারেক রহমানকে ওই পদে নির্বাচিত করেছেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের স্থায়ী কমিটিরও সদস্য হবেন বলে তিনি জানান।
গঠনতন্ত্রের সংশোধনীগুলোর মধ্যে স্থায়ী কমিটির পদের সংখ্যা ১৫ থেকে ১৯ এ উন্নীতকরণ, নির্বাহী কমিটির কর্মকর্তার সংখ্যা বাড়িয়ে ১১৩ করাসহ বিভিন্ন স্তরের কমিটির কলেবর বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন যুগ্ম মহাসচিব।
কাউন্সিল অধিবেশনে দলের চেয়ারপারস খালেদা জিয়ার পুনঃনির্বাচন অনুমোদিত হয়েছে। একই সঙ্গে মহাসচিবসহ স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি গঠনের দায়িত্বও চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর কাউন্সিলররা ন্যস্ত করেন বলে জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ''চেয়ারপারসন যে কমিটি ঘোষণা করবেন, তা কাউন্সিল কর্তৃক অনুমোদিত বলে গণ্য হবে।''
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ''কাউন্সিলরদের দাবির পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া বলেছেন, কমিটিতে যাতে ত্যাগী নেতাদের মূল্যায়ন হয় তা তিনি বিবেচনা করবেন। একই সঙ্গে সংস্কারপন্থীরা যাতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত না হতে পারে, সে বিষয়টিও ম্যাডাম দেখবেন বলে আশ্বস্ত করেছেন।''
অধিবেশনের সমাপনী বক্তব্যে খালেদা জিয়া ১/১১ এর পট পরিবর্তনের পর দলের যেসব নেতা-কর্মী কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে নজরুল ইসলাম সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২২ ঘ.
bdnews24