২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীবরদী আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা

শিশু হত্যা এবং হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

শেরপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু হত্যা এবং হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার শেরপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন উপজেলার বড় পোড়াগড় গ্রামের আব্দুল মোতালেব। হাকিম মো. ইকবাল বাহার মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রীবরদী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম, পোড়াগড় গ্রামের মো. ফুলু, হারুন, খলিলুর রহমান, ইদ্রিস আলী, আব্দুল কুদ্দুছ ও তাতিহাটি গ্রামের আবু হানিফা আবু। বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ নভেম্বর বিকেল ৪টার দিকে বড় পোড়াগড় গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রাজিব (৭) পোড়াগড় বাজারে ফুলু ও আব্দুল কুদ্দুছের দোকানে গেলে তাকে মারধর করেন তারা। আহত রাজিবকে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর তার মৃত্যু হয়। আইনজীবী জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ঘটনাটি ধামাচাপা দিয়ে পরিবারকে না জানিয়ে রাজিবের লাশ কুদ্দুছের বাড়ির কাছে দাফন করে বলে মামলা অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩১ ঘ.