২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে নিহত ১

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং নয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 05:54 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

পাবনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং নয়জন আহত হয়েছে। কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা সদরে ওই সংঘর্ষ বাধে বলে ঈশ্বরদী থানার ওসি বেলায়েত হোসেন জানান। নিহতের নাম আজম আলী (৩২)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে বর্তমান পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলুর সমর্থকদের সংঘর্ষ হয়।" আহতদের মধ্যে আজমসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুজন হলেন সজল (২২) ও শ্যামল (২৫)। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আজমের মৃত্যুর পর শুক্রবার সকালে ফের উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষ মিছিল বের করে। ওসি বেলায়েত জানান, আজমের মৃত্যুর বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আগামী ৮ ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিলের আগে বিএনপির জেলা পর্যায়ের সম্মেলন চলছে। তবে কোন্দলের কারণে বেশ কয়েকটি স্থানে সম্মেলন পণ্ড হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪৫ ঘ.