২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে কুমিল্লা বিএনপির সম্মেলন পণ্ড

সংঘর্ষে মুখে কুমিল্লা জেলা বিএনপি'র সম্মেলন পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কুমিল্লা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংঘর্ষে মুখে কুমিল্লা জেলা বিএনপি'র সম্মেলন পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের লাকসাম রোডের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হওয়ার পরপরই বিবদমান দুই গ্র"পের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে গোটা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ অবস্থায় তড়িঘড়ি করে কমিটির কয়েকজন নেতার নাম ঘোষণা করে সম্মেলনের কার্যক্রম শেষ করা হয়। তবে একটি পক্ষ বিকেলে সংবাদ সম্মেলন করে সম্মেলনকে এক তরফা ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে কমিটি প্রত্যাখান করেছে। সম্মেলনকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই জেলা আহ্বায়ক রাবেয়া চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র মনিরুল হক সাক্কু গ্র"পের কর্মীদের মধ্যে উত্তেজনা ছিল। সকালেই রাবেয়া গ্র"পের নেতাকর্মীরা সম্মেলনস্থলে অবস্থান নেয়। পরে সাক্কু গ্র"পের নেতাকর্মীরা সম্মেলনস্থলে গেলে দুই গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর লাকসাম রোডে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষই ইটকাটকেল, লাঠিসোটা, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট ও যানবাহন চলাচল। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে ছাত্রদল নেতা হেলাল গুলিবিদ্ধ হন। এছাড়া যুবদল নেতা লুৎফুর রহমান ভোলা ও আলমগীরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা সদর মডেল থানার ওসি কাজী মোহিতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত মামলা করেনি বলে তিনি জানান। সংঘর্ষের এক পর্যায়ে রাবেয়া চৌধুরীকে সভাপতি, আমিনুর রশিদ ইয়াছিনকে সাধারণ সম্পাদক ও মোস্তাক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি নেতাদের নাম পরে ঘোষণা করার কথা বলে সকাল সোয়া ১১টার দিকে সম্মেলন শেষ করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সরোয়ারী রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ রেহানা আক্তার। বিকালে শহরের কাদিরপাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষ গ্র"পের নেতারা সম্মেলনকে হটকারী এবং প্রহসনমূলক আখ্যা দেন। তারা বলেন, জেলা বিএনপি'র সাড়ে নয়শ' কাউন্সিলর রয়েছে। শহরে এত বড় জায়গা থাকার পরও তারা খুপড়ীর মতো ছোট একটি জায়গা বেছে নিয়েছে, যেখানে দুশ' কাউন্সিলরের বসার জায়গা হবে না। মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এখানে কমিটি ঘোষণা করার কথা ছিল না। কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা কথা। তিনি বলেন, "আমারা কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষা করবো। এরপর আমরা পদক্ষেপ নেবো।" সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- য্গ্মু আহ্বায়ক ফজলুল হক ফজলু, আবদুর রউফ ফারুক, আবদুল মোতালেব প্রমুখ। সম্মেলন বিষয়ে রাতে আমিনুর রশিদ ইয়াছিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি পরে ফোন করতে বলেন। পরে ফোন করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.