ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় আওয়ামী লীগের সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবারের ওই সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিলের অংশ নেওয়ার কথা। একই স্থানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সভা ডাকায় পরিস্থিতির অবনতি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
নওজোয়ান মাঠে আওয়ামী লীগের সভা ঘিরে কয়েকদিন ধরেই আয়োজন চলছিল। বেলা ৩টায় সভা হওয়ার কথা থাকলেও দুপুরে পুলিশ ১৪৪ ধারা জারির কথা জানিয়ে সভাস্থল থেকে সবাইকে হটিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে নওগাঁর জেলা প্রশাসক আহসান হাবীব তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভা আহ্বান করায় পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্য নওজোয়ান মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
জলিল নওগাঁ-৫ আসনের সাংসদ। বেলা ৩টা পর্যন্ত তিনি নওগাঁয় পৌঁছাননি। এদিক নওজোয়ান মাঠ এলাকায় ১৪৪ ধারা জারির পর জলিল সমর্থকরা জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সভা করার প্রস্তুতি নিচ্ছে।
১৪৪ ধারা জারির বিষয়ে জেলা আওয়ামী লীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের নেতাদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সা
bdnews24