ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণ যাতে আন্দোলন গড়ে তুলতে না পারে, সেজন্য বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্যাতন-মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে সদ্য কারামুক্ত নেতা আমানউল্লাহ আমান নেতা-কর্র্মীদের নিয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, ''এ সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। ব্যর্থ সরকারের বিরুদ্ধে যাতে কোনো আন্দোলন গড়ে না ওঠে সেজন্য তারা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-নির্যাতন ও হামলা চালাচ্ছে। এভাবে নির্যাতন চালিয়ে ব্যর্থতা ঢাকা যাবে না।''
সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএমএমইউ হাসপাতাল থেকে মুক্তি পান। বুধবার তাকে হাইকোর্ট জামিন দেয়। গত ২৯ সেপ্টেম্বর এক হত্যাচেষ্টা মামলায় আমানকে গ্রেপ্তার করে পুলিশ।
বিএনপি প্রধান দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে বলেন।
এর আগে ব্যারিস্টার রফিকুল হক রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময়ে দলের জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মইন খান, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/০০৪৫ঘ.
bdnews24