ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিফা ও এশিয়ান হাইওয়ের নামে 'করিডোর' দেওয়ার মতো চুক্তি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার বিকালে এক সমাবেশে এ আহবান জানান।
দেলোয়ার বলেন, "সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা চুক্তি করার আলোচনা করছে। একইভাবে এশিয়ান হাইওয়ের কথা বলে ভারতেকে করিডোর দেওয়ার জন্য কাজ করছে। ওই দেশটির সঙ্গে সামরিক চুক্তি করার কথা শোনা যাচ্ছে। এসব চুক্তি দেশের স্বার্থ বিরোধী।"
সরকারকে এরকম চুক্তি করার পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ করে ৮০ দশকের ছাত্র দল নেতাদের সংগঠন 'আশির দশকের ছাত্র নেতা'।
সোমবার সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডিলানি পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি (টিফা) স্বাক্ষরের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
বিএনপির মহাসচিব দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের বিরুদ্ধে দলীয়করণ, টেন্ডারবাজি ও সন্ত্রাসের অভিযোগ করেন।
তিনি বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে যে আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে একজন প্রকৌশলী গুলিবিদ্ধ হয়েছেন। এ অবস্থায় দেশের আইন-শৃঙ্খলা কোথায় এসেছে, তা বলে লাভ নেই।"
দেলোয়ার আবারও অভিযোগ করেন, সরকার বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দেশে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি তার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করার কঠোর সমালোচনা করেন দেলোয়ার।
সমাবশে কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
সংগঠনের মহানগর শাখার আহবায়ক আলী আকবর চুন্নুর সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, যুব দলের সাধারন সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, আয়োজক সংগঠনের এস এম কামাল উদ্দিন, ফেরদৌস আহমেদ খোকন, শাহজাহান সম্রাট, শ্যামা ওবায়েদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১৫৮ঘ.
bdnews24