২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিনের সদস্যপদ বাতিলের প্রস্তাব নাকচ

সংসদীয় তদন্ত কমিটির সুপারিশ অনুসারে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নবম সংসদের সদস্য পদ খারিজের প্রস্তাব নাকচ করেছে সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় তদন্ত কমিটির সুপারিশ অনুসারে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নবম সংসদের সদস্য পদ খারিজের প্রস্তাব নাকচ করেছে সংসদ। তবে তার কাছ থেকে অপচয়কৃত সমুদয় অর্থ আদায়সহ তার বিরুদ্ধে আনীত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আরও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠাতে সরকারকে সুপারিশ করেছে। একই সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকেও অননুমোদিত খরচের অর্থ আদায়ের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে সংসদ। এছাড়া তাদের দুর্নীতির অভিযোগও তদন্তের জন্য দুদকে পাঠানোর সুপারিশ করা হয়েছে। ওর্য়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন কার্যপ্রণালী বিধি মোতাবেক সংসদ সদস্যপদ বাতিলের প্রস্তাব রাখেন। একই সঙ্গে তিনি ওই তিন বিএনপি নেতার কাছ থেকে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা আদায়সহ অষ্টম সংসদে বিতর্কিতভাবে নিয়োগ করা সব কর্মচারীর নিয়োগ বাতিল করারও প্রস্তাব দেন। তিনি জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ ও খোন্দকার দেলোয়ার হোসেনের দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিস্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন। স্পিকার প্রস্তাবগুলো ভোটে দেওয়ার আগে বলেন, "আমাদের সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারে এসব অপরাধের জন্য সদস্যপদ খারিজের সুষ্পষ্ট কোন বিধান নেই, নজিরও নেই। "তাই সদস্যপদ বাতিলের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। সুতরাং সদস্যপদ বাতিল ছাড়া রাশেদ খান মেননের বাকি প্রস্তাব গ্রহণ করা যেতে পারে।" এরপর আব্দুুল হামিদ প্রস্তাবটি ভোটে দেন এবং তা কন্ঠভোটে পাশ হয়। গত ১৯ মার্চ স্পিকার অষ্টম সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান হুইপের দুর্নীতি তদন্তে সংসদীয় কমিটি গঠন করেন। আওয়ামী লীগের সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের কমিটি প্রায় চার মাস তদন্ত করে ৯ জুলাই সংসদে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করে। ৭৮৪ পৃষ্ঠার প্রতিবেদনে তিনজনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রমাণ্য দলিলসমূহ সংযুক্ত করা হয়। কমিটি ১১ টি বৈঠক করে। তদন্ত কমিটির তিনটি উপ-কমিটিও গঠন করা হয়। তবে দুর্নীতি তদন্তে সংসদীয় কমিটিতে বিরোধী দলের প্রধান হুইপকে সদস্য হিসেবে রাখা হলেও তিনি তা বর্জন করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান হুইপ বিভিন্ন খাতে অতিরিক্ত ২ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৫ শ ৬ টাকা খরচ করেছেন। এর মধ্যে জমিরউদ্দিন সরকার ২৭ লাখ ৮৬ হাজার ৩'শ ৬৪ টাকা, আখতার হামিদ ১ লাখ ২১ হাজার ৭'শ ৩ টাকা এবং খোন্দকার দেলোয়ার হোসেন ৬ লাখ টাকা অনুমোদহীনভাবে চিকিৎসার জন্য নিয়েছেন। এতে আরও বলা হয়েছে, ওই তিন ব্যক্তি তাদের প্রাধিকার বর্হিভূত সরকারি গাড়ি ব্যবহার করে মোট ১ কোটি ৩৩ লাখ, ৩৫ হাজার ৩১ টাকা ব্যয় করেছেন। এছাড়াও সংসদীয় কমিটি না থাকার পরও ২০০৭ সালের জুন মাস পর্যন্ত সংশ্লিস্ট কমিটির ৪২ জন ব্যক্তিগত সহকারীর বেতন-ভাতা বাবদ ৬২ লাখ ৯৯ হাজার ১'শ ২৯ টাকা জমিরউদ্দিন সরকার ব্যয় করেছেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার ফজলে রাব্বী আলোচনার সূচনা বক্তব্যে তদন্তের বিষয়বস্তুগুলো ব্যাখ্যা করেন। এই আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত, তারানা হালিম, কে এম খালিদ, ইস্রাফিল আলম, নুরুল ইসলাম সুজন, বিএম মোজ্জামেল হক, খান টিপু সুলতান, জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা, এইচ এম গোলাম রেজা, ওর্য়াকাসপার্টির রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/পিসি/জিএনএ/২১৩৯ ঘ.