২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট প্রেসক্লাবে পতাকা অর্ধনমিত না রাখার তদন্ত হচ্ছে: সাহারা

১৫ আগস্ট জাতীয় প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত না করার ঘটনাকে 'নিন্দনীয় অপরাধ' বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার মন্ত্রী বলেছেন, এর মাধ্যমে সরকারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জাতীয় প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত না করার ঘটনাকে 'নিন্দনীয় অপরাধ' বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার মন্ত্রী বলেছেন, এর মাধ্যমে সরকারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করা হয়েছে। সরকার সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জাতীয় সংসদকে অবহিত করেন সাহারা খাতুন। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা বুলবুলের ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে সাহারা খাতুন এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এটা কোনো তুচ্ছ ঘটনা নয়। এর মাধ্যমে সরকারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করা হয়েছে।" তিনি জানান, তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। সেই নৃশংস হত্যাকাণ্ড স্মরণে সরকার প্রতি বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। দেশের সর্বোচ্চ আদালত থেকেও দিবসটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। "সরকারি নির্দেশনা সত্ত্বেও প্রেসক্লাব কর্তৃপক্ষ তা অমান্য করে অপরাধ করেছে। এ ব্যাপারে দায়েরকৃত সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে", বলেন সাহারা খাতুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এএল/এসকে/২২০৮ঘ.