কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সংসদকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে নির্বাচনী ইশতেহারে বলেছিল, "ইস্যুভিত্তিক ওয়াকআউট ছাড়া কোনও দল বা জোট সংসদের সেশন বা বৈঠক বর্জন করতে পারবে না। কোনও সংসদ সদস্য সংসদের অনুমোদন ছাড়া ৩০ দিনের অধিক অনুপস্থিত থাকলে তার সদস্যপদ শূন্য হবে।"
ইশতেহারে এ কথা বললেও সামনের সারিতে 'সম্মানজনক' আসনের মতো দাবি তুলে প্রথম অধিবেশনের পর আর কোনও অধিবেশনে যোগ দেয়নি বিএনপি।
পরিবেশ সৃষ্টি না হওয়ার অভিযোগ তুলে রোববার শুরু হতে যাওয়া তৃতীয় অধিবেশনের মুলতবি বৈঠকেও না যাওয়ার ইঙ্গিত দিয়েছে তারা। এ দিন না গেলে টানা ৩৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকবে প্রধান বিরোধী দল।
ইশতেহারে দেওয়া বক্তব্য ও বিএনপির বর্তমান অবস্থান নিয়ে জানতে টেলিফোনে দলের যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে যান।
তবে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সংসদে যাওয়ার পরিবেশ নেই।
শুক্রবার তিনি বলেন, "সংসদের ভেতর-বাইরে সরকারের নয় মাসের কার্যক্রম দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে ফিরে আসার যে আহ্বান জানিয়েছেন, তা কার্যকর করতে হলে আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকারি দল এখনও সে পরিবেশ সৃষ্টি করেনি।"
রমজানে সেনাকুঞ্জে ইফতার পার্টিতে এক বিরল সাক্ষাতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদে ফিরতে সরাসরি আহ্বান জানান।
তবে বিএনপিও সংসদে ফিরতে আগ্রহী- এ কথা জানিয়ে মহাসচিব বলেন, "আমাদের নেত্রী (খালেদা) সব সময় সরকারকে সহযোগিতা করার কথা বলে এসেছেন। সে জন্য সংসদেও আমরা যেতে চাই। কিন্তু সরকার সংসদে যাওয়ার কোনও পরিবেশ রাখেনি।"
স্পিকার আবদুল হামিদ অধিবেশন কক্ষের সামনের সারিতে 'সম্মানজনক' আসন দেওয়ার অঙ্গীকার ভঙ্গ করেছেন- এ অভিযোগ এনে নবম সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের প্রথম দিন ৪ জুন থেকে আর সংসদ অধিবেশনে যায় নি বিএনপি।
স্পিকার আবদুল হামিদ গত ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
গত ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দেয় বিএনপি। তবে অধিবেশন কক্ষের আসন বিন্যাস নিয়ে ওই অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস ২৮ জানুয়ারি থেকেই সংসদ বয়কট শুরু করে তারা।
স্পিকার আবদুল হামিদ ওইদিন সামনের সারিতে বিএনপির আসন সংখ্যা কমিয়ে চারটি আসন বরাদ্দ দেন। এর আগে বিদায়ী স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার নবম সংসদে বিএনপিকে নয়টি আসন বরাদ্দ দিয়েছিলেন।
আওয়ামী লীগের অভিযোগ, বিদায়ী স্পিকার ক্ষমতাসীন জোটের সঙ্গে আলোচনা ছাড়াই বিরোধী বেঞ্চের ১০টি আসনের মধ্যে নয়টি বিএনপিকে দিয়েছিলেন।
দ্বিতীয় (বাজেট) অধিবেশনে স্পিকার হামিদ সামনের সারিতে বিএনপিকে একটি আসন বাড়িয়ে দেন। এ নিয়ে বর্তমানে সামনের সারিতে তাদের আসন পাঁচটি।
নবম সংসদের ৩০০ আসনের (সরাসরি নির্বাচিত) মধ্যে মাত্র ৩০টিতে জয়ী হয়েছে বিএনপি।
সরকারি দল বলছে, সংসদীয় রীতি অনুসারে জয়ী আসনের ভিত্তিতে অধিবেশন কক্ষের সামনের সারির ২৯টি আসনের ১০ শতাংশ পাওয়া উচিত বিএনপির।
সংসদ নেতা শেখ হাসিনা এক অধিবেশনে বলেন, আনুপাতিক হারে প্রধান বিরোধী দলের যা পাওয়ার কথা তার চেয়ে তাদের বেশি আসন দেওয়া হয়েছে।
তবে বিদায়ী স্পিকার জমিরউদ্দিন তার সিদ্ধান্তের পক্ষে এই যুক্তি দিয়েছেন যে, স্পিকারের বাঁ হাতের সামনের সারি বিরোধীদের বেঞ্চ এবং তাতে ক্ষমতাসীন সাংসদদের বসা উচিত নয়।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে স্পিকার যেভাবে আসন বিন্যাস করবেন সেভাবেই সাংসদরা বসবেন। এছাড়া নিজের কাজের সুবিধার জন্য যে কোনও সাংসদের আসন পরিবর্তনের ক্ষমতা রয়েছে স্পিকারের।
বাজেট অধিবেশনে বিরোধী দলকে 'সম্মানজনক' আসন দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে স্পিকার হামিদ সংসদের প্রথম অধিবেশনে তাদের যোগদান করাতে পেরেছিলেন।
বিএনপির দাবি সামনের সারির সাতটি আসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/এসকে/২০৪২ঘ.
bdnews24