২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেলে অধিবেশনে বসছে সংসদ

দুইদিন বিরতির পর বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন বসছে। সাংসদদের আসন বিন্যাস নিয়ে বিরোধের প্রেক্ষাপটে শুরু হতে যাচ্ছে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 06:28 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুইদিন বিরতির পর বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন বসছে। সাংসদদের আসন বিন্যাস নিয়ে বিরোধের প্রেক্ষাপটে শুরু হতে যাচ্ছে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম। পৌনে পাঁচটায় অধিবেশনের শুরুতেই রয়েছে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা প্রথম সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেবেন। এছাড়া দিনের কর্মসূচিতে আছে গত ২৫ জানুয়ারি উদ্বোধনী দিনে সংসদে দেওয়া রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতার মাধ্যমে সংবিধান লংঘনের অভিযোগ তুলে বিএনপি রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াক আউট করেছিল। বিকেল সাড়ে তিনটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার এতে সভাপতিত্ব করবেন। বৈঠকের আলোচ্যসূচিতে প্রথম অধিবেশনের মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলসহ বিভিন্ন বিষয় রয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এদিকে সংসদে নতুনভাবে আসন বিন্যাসের ব্যাপারে নতুন স্পিকার যে ঘোষণা দিয়েছেন, তার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বেলা বারোটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে সরকারি দলের প্রধান হুইপ আবদুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বলেন, '' আমরা আশা করছি, সংসদে প্রাপ্ত আসন অনুযায়ী নতুনভাবে আসন বিন্যাস হবে। আজ সংসদ অধিবেশনের আগেই এ বিষয়টি সমাধান হবে।'' বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিএনপিকে প্রথম সারিতে ৯টি আসন দেন। সরকারি দলের প্রধান হুইপ বিদায়ী স্পিকারের ওই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন। পরে নতুন স্পিকার হামিদ সরকারি দলের আপত্তির পরিপ্রেক্ষিতে আসন পুর্নবিন্যাসের ঘোষণা দেন। মঙ্গলবার বিকালে স্পিকার সরকার ও বিরোধী দলের দুই প্রধান হুইপের সঙ্গে আসন বিন্যাসে সৃষ্ট জটিলতা নিরসনে বৈঠকে বসলেও কোনো সুরাহা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১২২৬ঘ.