২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত: বিভিন্ন স্থানে আহত অর্ধশতাধিক

উপজেলা নির্বাচনের পর বিভিন্ন জেলায় সহিংসতা অব্যাহত আছে। শনিবার সুনামগঞ্জ, বরগুনা, বগুড়া, নেত্রেকোনা, ফেনী ও কুড়িগ্রামে কয়েকটি সহিংস ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। আগের দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আহত হয়েছেন ৫০ জন। এ ঘটনায় আটক করা হয়েছে ২০ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা নির্বাচনের পর বিভিন্ন জেলায় সহিংসতা অব্যাহত আছে। শনিবার সুনামগঞ্জ, বরগুনা, বগুড়া, নেত্রেকোনা, ফেনী ও কুড়িগ্রামে কয়েকটি সহিংস ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। আগের দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আহত হয়েছেন ৫০ জন। এ ঘটনায় আটক করা হয়েছে ২০ জনকে। হামলা, সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটও হয়েছে। সাতক্ষীরায় মারধর করা হয়েছে একজন পরাজিত মহিলা প্রার্থীকে। ফেনীতে ইউএনও'র কার্যালয়ে হামলা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের দিন সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হয়েছিলেন। পরের দিন ফরিদপুর ও নড়াইলে মারা যান দুজন। নির্বাচনের দিন ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, জালভোট, সংঘর্ষসহ বিভিন্ন ঘটনায় সিরাজগঞ্জের বেলকুচি, কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নির্বাচন এবং বেশ কিছু কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সুনামগঞ্জ: সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান জয়নুল জাকেরীন ও পরাজিত প্রার্থী আব্দুস সাত্তারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। আহতদের মধ্যে তসলিমা বেগম (১৮) কুলসুম (৩৭) হরমুজা বেগম (১৯) মরিয়ম (৭০) নুর উদ্দিন (৪০), রফিকুল (২০) আব্দুল হাকিমকে (৪৮) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বরকত আলী (২৩), সুমন (৪১) এলাহি (৩১), জমির (৩০), আমির উদ্দিন (২০), সাগর (২৬), সালাম (১৯), সফিক (৩৬), সাজ্জাদ মিয়া (২৩) ও জহির উদ্দিনকে (২৪) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বরগুনা: পাথরঘাটায় পৃথক ঘটনায় মহিলাসহ চারজন আহত হয়েছেন। উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তার ঘরে আগুন দিয়েছে বলে জাহাঙ্গীর দাবি করেছেন। লাঠিমারা গ্রামে রূপা মল্লিক নামে একজন প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। জ্ঞানপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মাসুমা, জাকির হোসেন ও নাসির উদ্দিন। পাথরঘাটা থানার ওসি নুরুল আমিন এসব তথ্য জানান। বগুড়া: গাবতলী, কাহালু ও আদমদীঘি উপজেলায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ২২জন। এর মধ্যে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের কছিমুদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী সুরুজ্জামানকে মারপিটের ঘটনায় তার পক্ষের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ সময় তারা ময়নুল হাসান নেন্টু , লালমিয়া ও মুকুলের বাড়িতে হামলা করে। গাবতলী থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। সুরুজ্জামান বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় কাহালু উপজেলার ডুমুর গ্রামের মনীন্দ্র নাথ, চন্দন মুখার্জ্জী, বাসুদেব, মানিক লাল, বিনয় কৃষ্ণ, সুনীল চন্দ্র, অনীল চন্দ্র ও অনন্ত চন্দ্রের ১১টি খড়ের পালায় কে বা কারা অগ্নি সংযোগ করে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিন জানান। একই উপজেলার খাজলাল গ্রামের পরেন্দ্র নাথ ও সহদেব বর্মনের দুটি খড়ের পালায় কে বা কারা অগ্নিসংযোগ করে। শনিবার সকালে আদমদীঘি উপজেলার দহপুর, ছাতনী, শিবপুর, জেনুইর ও করজবাড়ি গ্রামে ভাঙচুর মারধরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে আছেন- আমিনুর (২০), শাহিনুর (৩০),বাবলু (৩৮), সামাদ (৫৫), রশিদ (২৫), রেজাউল (৩৮), নাজিম (২৪), বাচ্চু (৪৫), বিলকিস (৪০) ও জাহেরা বেগম (৫৫)। এদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা এসব ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে। নেত্রকোনা: কলমাকান্দা, কেন্দুয়া, আটপাড়া, মদন এবং মোহনগঞ্জ উপজেলায় কমপক্ষে ১৫জন আহত এবং দোকানপাঠ লুটপাট ও বাড়ি ঘরে হামলা হয়েছে। কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে সমরেন্দ্র, লিটন ও রাম চরণের বাড়িতে হামলা, লুটপাট হয়েছে। এছাড়া সংঘর্ষে কালাচান, মিনার চান, রফিকুল এবং লাল মিয়া আহত হন। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সুমন ও সরণ নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে। আটপাড়া উপজেলার রানীগাঁও ও তেলীপাড়ায় বাড়িঘরে হামলা, লুটপাট হয়েছে। হামলায় স্বপন চক্রবর্তী নামে একজনসহ আরও কয়েকজন আহত হন। মোহনগঞ্জ উপজেলায় কয়েকটি দোকান ও বাড়িতে উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে মদন উপজেলা বিএনপি নেতা পারভেজ চৌধুরীর বাড়িতে আওয়ামী লীগ নামধারী কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা একটি প্রাইভেট কার ভাঙচুরসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি করে। চাঁদপুর: ফরিদগঞ্জ উপজেলার হনিদুর্গাপুর গ্রামে শুক্রবার রাতে একটি খামারের প্রায় দেড় হাজার মুরগি আগুনে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। খামার মালিক ইদ্রিস পাটওয়ারী দাবি করেন, উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জেরে নির্বাচিত বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মী- সমর্থকরা তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ জঘন্য ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাহবুব জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুস্কৃতকারীরা। ফেনী: সোনাগাজীর পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফয়েজুল কবিরের নেতৃত্বে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বেলাল (৪৮) ও আবুল কাশেম (৫০) নামে দুই কর্মচারী আহত হয়েছেন। ফয়েজুল কবির হামলার বিষয়টি অস্বীকার করেছেন। ইউএনও কে এম আবদুল ওয়াদুদ বলেছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা: শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী অমেলা রানী মণ্ডলকে মারধর করেছে স্থানীয় এক দোকানী ও তার ছেলে। তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে অমেলা গুরুতর জখম হন। তাকে শ্যামনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। কুড়িগ্রাম: ভুরুঙ্গামারী উপজেলায় শনিবার বিকেলে কারচুপির অভিযোগ এনে আবার ভোট গণনার দাবিতে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী নুরন্নবী চৌধুরী, পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ও রাশেদুজ্জামানের সমর্থকরা বিক্ষোভ মিছিল এবং ইউএনও কার্যালয় ঘেরাও করে। ফুলবাড়ী উপজেলায় স্কুল শিক্ষক নাজমুল হুদাকে (৩০) বেদম মারপিট করেছে এক প্রার্থীর সমর্থকরা। তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ইউএনও মোখলেছুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাটি তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগেশ্বরীর পৌর এলাকায় বানিয়াপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগরের পরিবারের লোকজনের সঙ্গে একই এলাকার জয়নুল আবেদীন মাস্টারের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে রফিকুল (৩৫), সাখাওয়াত (৪০), সোহরাব (৩৫) এবং সোলায়মান (৪০) আহত হন। তবে নাগেশ্বরী থানার ওসি আকতারুজ্জামান দাবি করেছেন, ঘটনার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। ব্রাহ্মণবাড়িয়া: শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে পরাজিত প্রার্থী আবু আসিফের সমর্থকরা ইউএনও অফিস ঘেরাও ও ভাঙচুর করেছে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও র‌্যাব শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলিবর্ষণ করে। এর মধ্যে পুলিশ ৬৯ রাউন্ড ফাঁকা গুলি এবং ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে স্বীকার করেছেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান। পুলিশ ও র‌্যাবের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুলিশ ২০ জনকে আটক করেছে। মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৯ ঘ.