২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আ. লীগ চারটিতে, বিএনপি একটিতে জয়ী

খুলনার নয়টি উপজেলার মধ্যে পাঁচটিতে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে চারটিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 06:39 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

খুলনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার নয়টি উপজেলার মধ্যে পাঁচটিতে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে চারটিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আলী আকবর। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফসার আহমেদ জমাদ্দারের ভোটসংখ্যা ২৬ হাজার ১৯০টি। পাইকগাছা উপজেলায় আওয়ামী লীগের মোড়ল রশিদুজ্জামান ৫০ হাজার ১৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সম বাবর আলী পেয়েছেন ৪৬ হাজার ৮৫২ ভোট। তেরখাদা উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শরফুদ্দীন বিশ্বাস বাচ্চু। তিনি পেয়েছেন ৩১ হাজার ৫৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই কেএম আহমদ উল্লাহ পিলু পেয়েছেন ২১ হাজার ৪০৬। কয়রা উপজেলায় আওয়ামী লীগের জিএম মহসিন রেজা ৩৮ হাজার ৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতা মাওলানা তমিজউদ্দিন পেয়েছেন ৩১ হাজার ৯০৩ ভোট। ফুলতলায় জয়ী হয়েছেন বিএনপি সরদার আলাউদ্দিন মিঠু। তিনি ২৯ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকরাম হোসেন ২৬ হাজার ৩৭৯। ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। দাকোপ, বটিয়াঘাটা, দীঘলিয়া ও ডুমুরিয়ার ফলাফল এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/০০৩০ ঘ.