২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের স্বাধীনতা থাকায় ফিরে এসেছে গণতান্ত্রিক সরকার: রাষ্ট্রপতি

গণমাধ্যমের স্বাধীনতা থাকায় দেশে গণতান্ত্রিক সরকার ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। বঙ্গভবনে বুধবার সকালে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিদায়ী চা-চক্রে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 06:19 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমের স্বাধীনতা থাকায় দেশে গণতান্ত্রিক সরকার ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। বঙ্গভবনে বুধবার সকালে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিদায়ী চা-চক্রে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, "স্বাধীন গণমাধ্যম একটি দেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের গণমাধ্যমসমূহ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করে আসছে। আর গণমাধ্যমের এ স্বাধীনতা ছিল বলেই জাতি হিসেবে আমরা আজ উঠে দাঁড়িয়েছি। আমরা ফিরে পেয়েছি গণতান্ত্রিক সরকার।" দীর্ঘ ছয় বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করায় সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, "রাষ্ট্রপতির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যেতে হচ্ছে।" নবম জাতীয় সংসদ অতি শীঘ্রই একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে এবং নির্বাচিত রাষ্ট্রপতি অচিরেই এ পদের দায়িত্বভার গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ২০০২ সালের ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন সম্পর্কে তিনি বলেন, "অষ্টম জাতীয় সংসদ শেষে তৎকালীন পরিস্থিতির কারণে আমাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করতে হয়েছিল। তবে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অবশেষে বিজয় হয়েছে গণতন্ত্রের, বিজয় হয়েছে এদেশের মানুষের।" নবম জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় গণতন্ত্রের ভিত মজবুত ও সুদৃঢ় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "মানুষ হিসেবে আমরা কেউ দোষ-ত্র"টির ঊর্ধ্বে নই। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। আপাতঃ দৃষ্টিতে কোন ঘটনা সঠিক মনে হলেও কালের বিচারে তা যথার্থ প্রমাণিত নাও হতে পারে।" আত্মসমালোচনা করে তিনি বলেন, "প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি হোক তা আমি কখনোই চাইনি। তবে আমিও একজন মানুষ। মানুষ হিসেবে আমিও তাই সমালোচনার ঊর্ধ্বে নই।" অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এজে/জিএনএ/১২১৬ ঘ.