ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংবিধান সংশোধন করে আরেকটি ডেপুটি স্পিকার পদ সৃষ্টি করে বিএনপিকে দেওয়ার ঘোষণা 'ছলচাতুরির নামান্তর' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তি অনুযায়ী মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের এ সংক্রান্ত বক্তব্য 'সংবিধান পরিপন্থী'। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্র"তি অনুযায়ী প্রথম কার্যদিবসেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা।
বিবৃতিতে তিনি আওয়ামী লীগকে 'সঙ্কীর্ণ দলীয় স্বার্থচিন্তা' পরিত্যাগ করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/০০২৩ঘ.
bdnews24