২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেএমবি কমান্ডার মোহাম্মদের আরও ১০ বছরের সাজা

চট্টগ্রামে ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার আরেকটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের দণ্ডাদেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার আরেকটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের দণ্ডাদেশ দিয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন। মামলার অপর আসামি আরশাদুল আলম ওরফে টি আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। তবে তিনি অন্য মামলায় সাজাপ্রাপ্ত। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর তিন আসামি জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই ও আতাউর রহমান সানির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির বোমা হামলা সময় চট্টগ্রামের আটটি স্থানে জঙ্গিরা বোমা হামলা করে। এর মধ্যে নগরীর পাঁচলাইশ থানাধীন বহদ্দার হাট, মুরাদপুর মোড় এবং ওআর নিজাম রোডে তিনটি পৃথক বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি জঙ্গিরা। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঐদিন পাঁচলাইশ থানার তৎকালীন উপ-পরিদর্শক আবদুল বারী বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। গত বছরের ১৪ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল এবং একই বছরের ১৯ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেওয়া হল। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মোহাম্মদকে বিস্ফোরক দ্রব্যাদি আইনে দশ বছর কারাদণ্ড দিয়েছে। এর আগে কক্সবাজারের বিস্ফোরক ও অস্ত্র মামলায় যথাক্রমে ১৪ ও ১৭ বছর, চট্টগ্রামে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় হালিশহর থানায় করা মামলায় ১০ বছর, খুলশী থানার মামলায় ১০ বছর, ডবলমুরিং থানার মামলায় ১০ বছর, চট্টগ্রাম আদালত ভবনে বিচারকের এজলাশে বোমা হামলার মামলায় ২০ বছর, পাহাড়তলীতে অস্ত্র ও গোলাবারুদ মামলায় ২০ বছরসহ নয়টি মামলায় মোহাম্মদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। তবে বোমা হামলার ঘটনায় বন্দর থানায় করা মামলায় মোহাম্মদসহ তিন জঙ্গিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯৫৪ ঘ.