২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার সুযোগ নেই: মওদুদ

'৭২ সালের সংবিধানে পুরোপুরি ফিরে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- '৭২ সালের সংবিধানে পুরোপুরি ফিরে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। 'জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম' এ অনুষ্ঠানের আয়োজন করে। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "আওয়ামী লীগ '৭২ সালের সংবিধানে ফিরে যেতে চায়। কিন্তু বাস্তবতা হল সংবিধান পুনর্প্রবর্তন করতে হলে ৫ম সংশোধনী তুলে নিতে হবে। বর্তমান সরকার এরকম অবস্থা চায় বলে আমার মনে হয়না।" নবম জাতীয় সংসদে বিএনপি বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি। ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়াসী লীগ সহ মহাজোটের দুই তৃতীয়াংশের অধিক আসন পাওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "সরকারের উচিত হবে এ অধিক সংখ্যা বহনে ধৈর্য, সহনশীলতা ও উদারতার পরিচয় দেওয়া। কারণ এ ধরণের অধিকাংশ আসন লাভ একদিকে যেমন সাফল্য মনে হতে পারে তেমনি তা বিপদজনক ও ভয়েরও কারণ।" তত্ত্বাবধায়ক সরকার আমলে জারি করা ১১৪টি অধ্যাদেশ সম্পর্কে বিএনপির অবস্থান তুলে ধরে দলটির স্থায়ী কমিটির নেতা বলেন, "জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোন কিছুর বিষয়ে বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কিন্তু জাতীয় স্বার্থ পরিপন্থী কোন কাজের সঙ্গে বিএনপি থাকবে না বরং প্রতিবাদ করবে।" ট্রানজিট ইস্যু, চট্টগ্রাম বন্দর ব্যবহার, সমুদ্রসীমা চিহ্নিতকরণ, পানির হিস্যা এবং প্রাকৃতিক সম্পদ গ্যাস ও কয়লার বিষয়ে বর্তমান সরকারকে সতর্কতার সঙ্গে এগুনোর পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এসব বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিলে তারা (সরকার) ভুল করবে। এখানে জাতীয় স্বার্থকে সমন্বিত রেখেই সিদ্ধান্ত নিতে হবে।" জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয় সম্পর্কে ব্যারিস্টার মওদুদ বলেন, "আমরা এ পরাজয় মেনে নিয়েছি। নির্বাচন যেভাবেই হোক-কি হয়েছে সেটা দেশের মানুষ দেখেছে। তারপরও আমরা পরাাজিত হয়েছি। বিরোধী দলের স্বল্প সংখ্যক আসন নিয়েই আমরা দেশের মানুষের স্বার্থ রক্ষায় সংসদে ভূমিকা রাখতে চাই। একইসঙ্গে এটাও বলতে চাই, মানুষের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিএনপি কারো সঙ্গে কোন আপোস করবে না। কারণ নির্বাচনে পরাজিত হলেও শহীদ জিয়ার রাজনীতির পরাজয় ঘটেনি।" দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান নির্বাচনে ফলাফল বিপর্যয়ের সম্পর্কে বলেন, "শহীদ জিয়ার দর্শন থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম বলেই দল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিএনপি এক মহা দুর্যোগের মধ্যে রয়েছে। আত্মউপলব্ধির মাধ্যমে এ থেকে আমাদেরকে উঠে আসতে হবে।" বিএনপি নেতা ও সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান বলেন, "এবারের নির্বাচনে যুদ্ধাপরাধীর বিচারের বিষয়টি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। কিন্তু এ ব্যাপারে আমাদের কোন বক্তব্য ছিলনা। আমি নিজেও যুদ্ধাপরাধীর বিচার চেয়েছি। যুদ্ধের পরে আমিই আমার সহকর্মীদের মধ্যে প্রথম যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে কথা বলেছি। জিয়াও যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলেন। তবে এবার এ বিষয়টি অন্যের হাতে কেন আমরা তুলে দিলাম তা আজ বিশ্লেষণ করতে হবে।" তিনি আরো বলেন, "আমাদেরকে এখন বলতে হবে, যুদ্ধাপরাধীর বিচার চাই। ট্রাইবুনাল গঠন করে এ কাজকে এগিয়ে নিতে আমাদের সোচ্চার হতে হবে।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু আলি ইউসুফ খান। এতে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো: রহমতুল্লাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৭৪৫ ঘ.