২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুই প্রার্থীর গাড়িতে হামলা, ভাঙচুর-আগুন

বগুড়ার গাবতলী ও কাহালুতে শনিবার নির্বাচনী প্রচারণায় পৃথক হামলায় গাড়ি ভাঙচূর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন দু'জন। দুপুরে গাবতলীতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

বগুড়া, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - বগুড়ার গাবতলী ও কাহালুতে শনিবার নির্বাচনী প্রচারণায় পৃথক হামলায় গাড়ি ভাঙচূর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন দু'জন। দুপুরে গাবতলীতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী অভিযোগ অস্বীকার করেছেন। সন্ধ্যায় কাহালুতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে আগুন দিয়েছে গ্রামবাসী। ঘটনার প্রতিবাদে রাতে কাহালু উপজেলা সদরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ ও বিএনপি নেতারা জানান, গাবতলীতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম হেলালের নির্বাচনী প্রচারণায় হামলা ও গাড়ি ভাংচুর করা হয়েছে। এ সময় পৌর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩২) ও গাড়ির চালক কামরুল (৩০) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জাহিদুল ইসলাম এ ঘটনার জন্য আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম আজম খানের লোকজনকে দায়ী করেন। গাবতলী উপজেলা বিএনপি সভাপতি আমিনূর রহমান তালুকদার জানান, দুপুর ১২ টার দিকে গাবতলীর রামেশ্বরপুরে বিএনপি নেতা-কর্মীরা হেলালীর নির্বাচনী প্রচারণায় যান। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম আজম খানের লোকজন তাদের ব্যবহৃত মাইক্রোবাসে হামলা চালিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে। এতে মাইক্রোবাসের চালক কামরুল ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আহত হন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। অভিযোগ অস্বীকার করে আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অন্য ইউনিয়নে অবস্থান করছিলেন। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।" গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, হামলায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাহালু উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগ সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থীর গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকড় ইউনিয়নে এই হামলা হয়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুল ইসলাম শাহীন জানান, সন্ধ্যায় একটি মাইক্রোবাসে করে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ হোসেন আলীর সমর্থকরা পাইকড় ইউনিয়নে প্রচারণায় যান। কিন্তু কয়েকজন গ্রামবাসী প্রচারণায় বাধা দেয়। এক পর্যায়ে তারা মাইক্রোবাসটি ভাঙচূর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই মাইক্রোবাসে থাকা ৯/১০ জন আরোহী দ্রুত বের হয়ে যাওয়ায় আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে রাতে কাহালু উপজেলা সদরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, গত বৃহস্পতিবার কাহালুর মালঞ্চা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হন চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মো. খলিল। তার সমর্থকরাই শনিবার এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। অধ্যক্ষ হোসেন আলী বলেন, "গত বৃহস্পতিবার খলিলুর রহমানের ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রামবাসী আমাদের ওপর এই হামলা চালায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৮ ঘ.