ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উপজেলা পরিষদ নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে সরকারের দৃঢ় সঙ্কল্প ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
দলীয় বা যেকোন পরিচয়ে আইন-শৃঙ্খলা অমান্য করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন এসব কথা বলেন।
উপজেলা নির্বাচন অবশ্যই দলীয় প্রভাবমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, "নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল- কোনো মন্ত্রী, এমপি প্রার্থীদের প্রচারণায় যেন না যান। আমরা নির্বাচন কমিশনের এই বিধিমালা মেনে চলেছি।"
দলের বা দলের বাইরের যে কেউ আইন-শৃঙ্খলা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
উপজেলা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মতোই অবাধ ও সুষ্ঠু আরেকটি নির্বাচন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে তা দলীয় পরিচয় নির্বিশেষে কঠোর হাতে দমন করা হবে বলে সাবধান করে দেন মন্ত্রী।
উপজেলা নির্বাচন উপলক্ষে ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশে ৪৮১টি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশ দিয়েছে। ২০ জানুয়ারি থেকে শুরু হবে সেনা মোতায়েন।
সারাদেশে আবার 'নীরব চাঁদাবাজি' শুরু সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, "নীরব-সরব সব ধরনের চাঁদাবাজদের হাত ভেঙে দিতে হবে।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ জানান, উপজেলা নির্বাচনের দিন সারাদেশে ৩৮ হাজার সেনা সদস্য, ১৬ শ' নেভি, দুই শ' কোস্ট গার্ড, তিন লাখ ৮৮ হাজার আনসার, পাঁচ হাজার র্যাব, ৬৯ হাজার পুলিশ ও ১২ হাজার বিডিআর সদস্য মোতায়েন করা হবে।
চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
আইন-শৃঙ্খলা সংক্রান্ত এই বৈঠকের আগে মন্ত্রী জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির ৪৪তম সভায় যোগ দেন। বৈঠকে চোরাচালান এবং তা বন্ধে সরকারের কৌশলসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সাহারা খাতুন আশা প্রকাশ করেন, "সংশ্লিষ্ট সংস্থাগুলো নিষ্ঠার সঙ্গে কাজ করলে চোরাচালান বন্ধ হবে।"
চোরাচালান বন্ধে প্রয়োজনে কৌশল পরিবর্তন করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এএল/এসকে/২০১৭ঘ.
bdnews24