২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধ পরিকর: তথ্যমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। দেশের মানুষ সেই অবস্থার পরিবর্তন চেয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধ পরিকর।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

জামালপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। দেশের মানুষ সেই অবস্থার পরিবর্তন চেয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধ পরিকর।" বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এমনভাবে যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। দ্রব্যমূল্যের জন্য মানুষ যাতে কষ্ট না পায় সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।" মন্ত্রী বলেন, "অতীতে সামগ্রিকভাবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দেশের সুনাম নষ্ট হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি রোধ ও জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে আমাদেরকে সেই সুনাম অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।" খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণে সরকারের অঙ্গীকার কথা জানিয়ে তিনি বলেন, "ভর্তুকি দিয়ে হলেও সার ও ডিজেলের দাম কমানো হবে। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষি উৎপাদন বাড়ানো, যাতে বিদেশ থেকে খাদ্যদ্রব্য আনতে না হয়।" নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, "প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে দেশ ও জনগণের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ উপকৃত হয়।" বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল মাবুদ, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.