২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস ও জঙ্গিবাদের উৎস বের করতে পারলেই উন্নয়ন সম্ভব: সাহারা খাতুন

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের উৎস বের করতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব। বুধবার দুপুর প্রায় পৌনে একটার দিকে নিজের কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় ফুলের তোড়া দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের উৎস বের করতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব। বুধবার দুপুর প্রায় পৌনে একটার দিকে নিজের কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় ফুলের তোড়া দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, "সন্ত্রাস এবং জঙ্গীবাদের রুট বের করতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির কারণে একজনের বিরুদ্ধে মামলা, তারপর কারাভোগেই এর শেষ না। এর মূলটা বের করতে পারলেই এবং একাগ্রতা নিয়ে কাজ করলেই সফলতা আসবে।" তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা ও পরামর্শ আশা করেন। জোট সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে অজুহাত দেখিয়ে ৭২ হাজার আসামী মুক্ত করা হয়েছে, সেই মামলাগুলো রিভিউ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ ব্যাপারে ভেবে দেখব। ক্যাবিনেটে বসে পরে সিদ্ধান্ত নেব।" তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, "রাজনৈতিক এবং উদ্দেশ্যমূলকভাবে যেন কাওকে হয়রানি না করা হয় সে ব্যাপারে আমার নির্দেশ থাকবে।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাকে রাজপথে দেখেছেন, এখানেও সাহসী ভূমিকায় দেখবেন।" দেশের বিভিন্ন স্থানে নির্বাচনত্তোর সহিংস ঘটনার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা আশা করব আর যেন এটা না ঘটে। তার জন্য যা যা করা দরকার, আইন-শৃঙ্খলা বাহিনী তা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/১৩১৯ ঘ.