ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলেল শুভেচ্ছা নিয়ে সচিবালয়ে কাজ শুরু করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ১০টার পর থেকে তারা সচিবালয়ে আসতে শুরু করেন। সচিবালয়ের প্রবেশ পথে কর্মচারিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফুলের তোড়া দিয়ে ও পাপড়ি ছিটিয়ে স্বাগত জানায়।
এর আগে মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথমে সকাল সাড়ে ১০টায় বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী পতাকাবাহী গাড়িতে সচিবালয়ে আসেন।
এরপরে পর্যায়ক্রমে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সচিবালয়ে আসেন।
এ সময় সচিবালয়ের প্রবেশ পথে সচিবালয়ের কর্মচারি সংযুক্ত পরিষদের সদস্যরা ফুলের তোড়া দিয়ে ও পাপড়ি ছিটিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্বাগত জানান। তারা স্বাগতসূচক নানা শ্লোগানও দেন।
সরকারি কর্মচারি ঐক্যজোট এবং সরকারি কর্মচারি সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল খান মিলনের নেতৃত্বে ওইসব কর্মচারি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়ি থামিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তারাও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের চেম্বারে বসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সাংবাদিকদের কাছে জনগণের রায় অনুযায়ী ভালোভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সচিবালয়ে ৬নং ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়ে সরকারি কর্মচারি সংযুক্ত পরিষদের একটি ব্যানার টাঙ্গানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমকে/এমআরএফ/এসএম/এজে/জিএনএ/১৩১০ ঘ.
bdnews24