ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
ঢাকায় কর্মরত সাতটি মুসলিম দেশের কূটনীতিকরা সোমবার সকালে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি এই নিন্দা প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহের মোহাম্মাদের নেতৃত্বে লিবিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ এ এম দারহুবি, মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হুরোরো, মিসরের রাষ্ট্রদূত ফাইয়াজ নুসতাফা নোসিয়ার এবং সৌদি আরব, কুয়েত ও কাতারের রাষ্ট্রদূতদের অনুপস্থিতিতে এই তিন দেশের প্রতিনিধিরা সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত তারা আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠক করেন।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম, শেখ হাসিনার সহকারী আব্দুস সোবহান গোলাপ এবং উপ তথ্য সচিব মাহবুবুল হক শাকিলও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মোহাম্মদ জমির সুধা সদনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের জন্য মুসলিম দেশগুলোর যতটুকু করা যায় তা করা উচিত।"
বৈঠকে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয় বলে জানান মোহাম্মদ জমির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১১০৯ ঘ.
bdnews24