ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রধানমন্ত্রী হলেও দিনে অন্তত একবার সর্বস্তরের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার কথা বলার চেষ্টা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাতে সুধা সদনের সামনে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার সময় শেখ হাসিনা বলেছেন, "এই ডিজিটাল সিস্টেম অন থাকবে। দিনে একটা সময় চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে কথা বলার।"
এসময় কথিত মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ছাত্রলীগের সহ-সভাপতি অপর্ণা পাল অনুরোধ করেন, প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি যেন তাদেরকে সময় দেন। অপর্ণা পালের এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই শেখ হাসিনা জানান, তিনি প্রধানমন্ত্রী হলেও এই ভিডিও কনফারেন্স ব্যবস্থা চালু থাকবে।
শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের শুরুতেই বলেন, "এটা ডিজিটাল বাংলাদেশের নমুনা। আগামীতে সব জায়গায় এরকম করা হবে।"
সুধা সদনে এসময় আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন, দলের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
শেখ হাসিনা আরো বলেন, "ওরা (চারদলীয় জোট) অত্যাচার নির্যাতন করেছে বলেই জনগণ ওদের প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক কালচার এবং রাজনীতিতে দুর্বৃত্তায়ন কিভাবে দূর করতে হয়, তা তোমাদের (ছাত্রলীগ) কাছ থেকে শিখতে হবে।"
তিনি ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, "আমি বলার পর তোমরা যেভাবে চলেছ, তাতে আমি সত্যিই গর্বিত।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, তারা সভানেত্রীর নির্দেশ মেনে ছাত্রদলের সঙ্গে সহাবস্থান করছেন। তবে তিনি মন্তব্য করেন," ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী আব্দুস সালাম পিন্টুর ভাই সুলতান সালাউদ্দিন টুকু যখন ছাত্রলীগের নেতাকর্মীদের সামনে ঘোরা ফেরা করে তখন তা সহ্য করা তাদের জন্য কঠিন হয়ে যায়।"
এর জবাবে শেখ হাসিনা বলেন, "যারা অন্যায় করেছে জনগণই তাদের শাস্তি দিয়েছে। ঐ দলের সভানেত্রী তো বলেছিলেন - আমরা ৩০ টি আসনও পাবো না। এমনকি, আমি বিরোধী দলের নেত্রীও হতে পারবো না।"
এস এম হল ছাত্রলীগ শাখার সভাপতি মেহরুল হাসান সোহেল অন্তর্কলহের প্রসঙ্গ তুলে বলেন, "বিশেষ জায়গার ভিত্তিতে যেন রাজনীতি না হয়। সবাই যেন রাজনীতি করার সমান সুযোগ পায়।"
শেখ হাসিনা আরো বলেন, "মিথ্যা মামলার তদন্ত হবে। যারা অন্যায় করেছে তারা পার পাবে না। যারা মিথ্যা মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এই ভিডিও কনফারেন্স প্রায় পৌনে এক ঘন্টা চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২৪৪ঘ.
bdnews24