ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদরা শনি ও রোববার শপথ নেবেন। আর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে সোম অথবা মঙ্গলবার। সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ শুক্রবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট সংসদ সচিবালয়ে এসে পৌঁছেছে। যারা সরকার গঠন করবে, তাদের সাংসদরা আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় শপথ নেবেন।"
অন্য দলের সাংসদরা রোববার ৩টায় শপথ নেবেন বলে জানান তিনি।
যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই এ দলের সাংসদরা শনিবার শপথ নেবেন। বিএনপিসহ অন্য দলের সাংসদরা শপথ নেবেন রোববার।
আশফাক হামিদ বলেন, "সংসদ ভবনের ওথ রুমে (শপথ কক্ষে) শপথ অনুষ্ঠান হবে।"
শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলেও সংসদ সচিবালয়ের সচিব জানান।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানের প্রস্তুতির জন্য সংসদ ভবনের ভেতরের কক্ষগুলো ও আশেপাশের এলাকায় ধোয়ামোছা হয়েছে। এ জন্য শুক্রবারও সংসদ সচিবালয় খোলা রাখা হয়।
সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে নতুন মন্ত্রিসভার শপথের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী সোম অথবা মঙ্গলবার শপথ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ধরে পুরোদমে প্রস্তুতি চলছে।
তিনি বলেন, "প্রধানমন্ত্রীসহ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে। এক হাজারের বেশি নাম অন্তর্ভুক্ত করে অতিথিদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে।"
সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাবেক প্রধান উপদেষ্টা, স্পিকার, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, বিভিন্ন কূটনীতিক মিশনের প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দুই জন করে প্রতিনিধি অতিথির তালিকায় স্থান পেয়েছেন।
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে বলে জানান আব্দুল আজিজ। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি ও চালকও প্রস্তুত রাখা হয়েছে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কাউকে অথবা সাবেক মন্ত্রী হিসেবে দলটির আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ আমন্ত্রণ পাচ্ছেন কিনা- জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "আমি এ মুহূর্তে এ বিষয়ে কোনও মন্তব্য করব না।"
সেক্টর কমান্ডারস ফোরামসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের তালিকায় একাত্তরে যুদ্ধপরাধে যুক্ত হিসেবে নিজামী ও মুজাহিদের নাম রয়েছে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ না জানানোর দাবিও করে আসছে সংগঠনগুলো। একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও রয়েছে।
গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সব মিলিয়ে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২।
অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা সব মিলিয়ে পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপি পেয়েছে ২৯টি আসন। জামায়াত দুটি এবং বিজেপি একটি আসন পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমআই/১৭১১ ঘ.
bdnews24