ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী দুয়েক দিনের মধ্যেই সদ্য নির্বাচিত সাংসদদের শপথ এবং ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে বলে বৃহস্পতিবার রাতে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা এইচ টি ইমাম।
দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সুধা সদনে কয়েকজন শীর্ষ আইনজীবীকে নিয়ে সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন,"আশা করছি দু'য়েকদিনের মধ্যে সকল সংসদ সদস্য শপথ নেবেন। আর ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে।"
এ বৈঠকে আইন সচিব হাবিবুল আউয়াল, ব্যারিস্টার রফিক উল হক, ড. এম এ জহির, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারিকৃত অধ্যাদেশগুলোর বৈধতা নিয়ে আলোচনা হয়।
এম জহির সাংবাদিকদের বলেন, "কোন কোন অধ্যাদেশ গ্রহণ করা যায় তার আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১১৭ঘ.
bdnews24