ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। আগামী সোমবার আদেশ দেবে আদালত।
বুধবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার জামিনের আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদেশের এই দিন ধার্য করেন।
শুনানিতে শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক বলেন, স্বাস্থ্যগত কারণে তার মক্কেলের জামিন প্রয়োজন। তিনি স্বাস্থ্যগত কারণে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের তারেক রহমান, সিগমা হুদা, মহিউদ্দিন খান আলমগীর, সাকা চৌধুরীসহ অনেককে জামিন দেওয়ার যুক্তি তুলে ধরেন।
আদালত এ সময় স্বাস্থ্যগত কারণে তারেক রহমানের জামিন দেওয়ার বিষয়ে আদালতের নথি উপস্থাপন করতে সরকার পক্ষকে নির্দেশ দেন।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব শুনানিতে বলেন, অসুস্থতার প্রমাণ হিসেবে জুন মাসের মেডিক্যাল বোর্ডের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। কিন্তু সে রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনাকে সরকার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন। তাই এ কারণে তাকে জামিন দেওয়া যায় না।
শুনানির পর ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, " সরকার পক্ষের আইনজীবী শেখ হাসিনার জামিন আবেদনের প্রবলভাবে বিরোধিতা করেছেন। আমরা বলেছি শেখ হাসিনা প্যারোলে রয়েছেন। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তার মুক্ত মানুষ হিসেবে দেশে ফিরে আসা উচিত। তাই তার জামিন প্রয়োজন।"
দুই নেত্রীকে আলোচনায় বসানোর ব্যাপারে সরকার ও তার উদ্যোগের বিষয়টি তুলে ব্যারিস্টার হক আরও বলেন, বুধবার সকালেও তার সঙ্গে কথা বলার সময় আইন উপদেষ্টা হাসিনার জামিনের ব্যাপারে ইতিবাচক কথা বলেছেন। এখন সরকার পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করায় একে 'খুবই পরস্পরবিরোধী' বলে আখ্যায়িত করেন তিনি ।
সরকার পক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব সাংবাদিকদের বলেন, "দেশের বাইরে থাকায় শেখ হাসিনা এখন আইনের ঊর্দ্ধে আছেন। দেশে ফিরে এসে তিনি জামিন চাইতে পারেন। তার স্বাস্থ্যগত অবস্থার নতুন মেডিক্যাল রিপোর্ট আদালতে দেওয়া দরকার।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জামিনের আবেদনে একদিকে কারণ হিসেবে স্বাস্থ্যগত অবস্থা আবার জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থের কথা বলা হচ্ছে। তিনি একে স্ববিরোধী বলে আখ্যায়িত করেন।
আজম জে চৌধুরীর মামলায় হাসিনার জামিনের সরকার পক্ষে বিরোধিতা করা হয়নি, কিন্তু এ মামলায় বিরোধিতা করা স্ববিরোধী অবস্থান কিনা - সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, "আমরা আইনজীবীরা মক্কেলের পরামর্শ অনুযায়ী মামলা লড়ি। মক্কেলের পরামর্শ অনুযায়ীই এ মামলাও আমরা লড়েছি। এই মামলায় রাষ্ট্র অর্থাৎ ডেপুটি কমিশনার আমার মক্কেল। আগেরটিতে ছিলেন স্বরাষ্ট্র সচিব মক্কেল ছিলেন।"
আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষ করে আগামী ২৯ সেপ্টেম্বর, সোমবার আদেশের দিন ধার্য করেন।
২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী তেঁজগাও থানায় ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয় শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ওই বছরের ৭ আগস্ট শেখ হাসিনার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলায় তাকে জামিন দিয়েছিল। তবে গত বছরের ২৭ আগস্ট আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দেয়।
২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে তাকে বিদেশে চিকিৎসার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৩৫৭ঘ.
bdnews24