ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ অধ্যাদেশ কার্যকর করা একটি সময়সাপেক্ষ ব্যাপার জানিয়ে পুলিশের যথেষ্ট স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেল' এর সভা শেষে এ মন্তব্য করেন উপদেষ্টা।
পুলিশ বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "গত দুই বছরে পুলিশ প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করেছে; পুলিশের যথেষ্ট স্বাধীনতা রয়েছে। আমি এ সময়ে একজন পুলিশের এসপি বা ওসিকেও বদলি করিনি। যা করার তারাই করেছেন। তাই কারো স্বার্থে আঘাত লাগার কোন প্রশ্নই ওঠে না।"
পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ সোমবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কারও কারও স্বার্থে আঘাত লাগতে পারে বলে পুলিশ অধ্যাদেশ পাশ করা হচ্ছে না।
উপদেষ্টা পুলিশ অধ্যাদেশ কার্যকর করতে সময় লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, "৩৬ বছর আগে দেশ স্বাধীন হলেও বিচার বিভাগ স্বাধীন হয়েছে মাত্র এক বছর আগে। অধ্যাদেশের খসড়াটি তৈরি হয়েছিল ইংরেজিতে। এটি পরে বাংলায় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।"
প্রশ্নের জবাবে মতিন জানান, কমিটির প্রতিবেদন ও অধ্যাদেশটি সংশ্লিষ্ট কমিশনের মতামতের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে এখনো মতামত আসেনি। জবাব পেলেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জনবল সঙ্কটের কারণে বিভিন্ন পর্যায়ে অনেক মামলার তদন্ত থমকে রয়েছে- পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদের এমন বক্তব্যের জবাবে উপদেষ্টা বলেন, "জনবল যা আছে, তা দিয়েই মামলার তদন্ত করা সম্ভব। এতে কোন সমস্যা নেই। গত দুই বছরে অনেকের ফাঁসি হয়েছে, শাস্তি হয়েছে। ভাল তদন্ত হয়েছে বলেই এটা করা সম্ভব হয়েছে।"
'চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেল' এর সভায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি নাসরিন পারভীন হক হত্যা মামলা পুনঃতদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের লস্করপুরে একটি সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। পরদিন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বাদি হয়ে দুটি আলাদা মামলা করেন। এ ঘটনায় আওয়ামী লীগ সেসময়ের ক্ষমতাসীন দল বিএনপিকে দায়ী করে। মামলার তদন্ত কার্যক্রমের তেমন কোনো অগ্রগতি হয়নি।
২০০৬ সালের ২৪ এপ্রিল ধানমণ্ডির নিজ বাসভবনের গাড়ি বারান্দায় গাড়ি চাপায় নিহত হন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি নাসরিন পারভিন হক। এ ঘটনায় নাসরিনের গাড়ি চালককে আসামি করে একটি মামলা করা হয়।
এম এ মতিনের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশীদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ আহমেদ পাটোয়ারি এবং চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তকারী ও তদারককারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২০২২ ঘ.
bdnews24