ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে আজীবন চেয়ারপারসন রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে আবদূল মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনের বহিষ্কারাদেশ এবং দলের মহাসচিব হিসেবে খোন্দকার দেলায়ার হোসেনের নিয়োগ অনুমোদন করা হয়।
স্থায়ী কমিটির বৈঠক শেষে খোন্দকার দেলোয়ার এসব সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের জানান।
গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার আগে খালেদা জিয়া দলের তখনকার মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে বহিষ্কার করেন। সেইসঙ্গে খোন্দকার দেলোয়ারকে মহাসচিবের দায়িত্ব দেন।
খালদাকে আজীবন দলের নেতৃত্ব দেওয়ার বিষয়ে দেলোয়ার বলেন, "স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর এ প্রস্তাব স্থায়ী কমিটি অনুমেদন করেছে।"
পরে তানভীর সাংবাদিকদের বলেন, "নির্জন কারাগারে থেকে খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে দল ও দেশবাসীর কাছে পরিচিত হওয়ায় তাকে আজীবন নেতৃত্ব দেওয়ার এই প্রস্তাব রাখা হয়। তিনি আর কখনো মাইনাস হবেন না।"
সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে দেলোয়ার বলেন, "নেত্রীকে নিয়েই আমরা সংলাপে যেতে চাই। স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তই হয়েছে।"
সংলাপ কবে হবে জানতে চাইলে তিনি বলেন, "দিনক্ষণ ঠিক হয়নি। চারদলীয় জোটের শরিকদের সঙ্গে এ বিষয়ে আলাপ করতে হবে। এরপর আমরা সরকারকে সময়সূচি জানিয়ে দেব।"
দেলোয়ার জানান, গত বছর ২৯ অক্টোবর স্থায়ী কমিটির 'বিতর্কিত' বৈঠকে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেগুলো 'অবৈধ ও অকার্যকর' বলে ঘোষণা করা হয়েছে শনিবারের বৈঠকে।
অন্যদিকে মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ার যেসব সিদ্ধান্ত নিয়েছেন, স্থায়ী কমিটি সেগুলো অনুমোদন করেছে বলে জানান তিনি।
খালেদা জিয়া কারাবন্দি থাকা অবস্থায় ২০০৭ সালের ২৯ অক্টোবর সাইফুর রহমানের বাসায় স্থায়ী কমিটির এক সভায় সাইফুরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাফিজ উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করা হয়।
খোন্দকার দেলোয়ার জানান, স্থায়ী কমিটির বৈঠকে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার ও সবার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
প্রায় দুই বছর পর বিকাল সাড়ে ৪টায় চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ বৈঠক শুরু হয়। শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।
বৈঠকের পর খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ইফতার করেন। পরে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন।
বৈঠকে স্থায়ী কমিটির ১১ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন (মহাসচিব), ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম।
কমিটির সদস্যদের মধ্যে আবদুল মতিন চৌধুরী অসুস্থতার জন্য বৈঠকে যোগ দিতে পারেননি। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ কারাগারে রয়েছেন।
গত ১১ বছরে স্থায়ী কমিটির প্রতিটি বৈঠকে আবদুল মান্নান ভূঁইয়া অংশ নিলেও দল থেকে বহিস্কৃত হওয়ায় এবার তিনি এ বৈঠকে অংশ নিতে পারেননি।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির আগে ওই মাসেই বনানীতে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক হয়।
পরে একই বছরের ২৯ অক্টোবর সাইফুর রহমানের গুলশানের বাসা 'জালালাবাদ হাউজ'-এ স্থায়ী কমিটির বিতর্কিত একটি বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরবি/জেকে/এমএইচবি/২০৪৪ ঘ.
bdnews24